ঢাবি অধ্যাপক কাবেরী গায়েনকে ‘হয়রানি’র প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. কাবেরী গায়েনকে উদ্দেশ্যমূলকভাবে হয়রানি এবং তাঁর বিরুদ্ধে আনা অভিযোগকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি করে তা প্রত্যাহারের দাবিতে শাহবাগে বিক্ষোভ সমাবেশ করেছে প্রগতিশীল নাগরিক সমাজ।
রোববার বিকেলে জাতীয় জাদুঘরের সামনে ‘বিশ্ববিদ্যালয় প্রতিহিংসাপরায়ণতার স্থান নয়’ শীর্ষক ব্যানারে আয়োজিত সমাবেশে বিভিন্ন ছাত্র, যুব, শ্রমিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা অংশ নেন। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির সভাপতি ডা. ফজলুর রহমান এবং সঞ্চালনা করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ।
বক্তারা অভিযোগ করেন, অধ্যাপক কাবেরী গায়েনের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো উদ্দেশ্যপ্রণোদিত এবং বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ না করেই সেগুলো সামনে আনা হয়েছে। তাঁদের ভাষ্য, বিশ্ববিদ্যালয় কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতিহিংসা চরিতার্থ করার জায়গা নয়; এটি মুক্তবুদ্ধির চর্চা, মতপ্রকাশ ও ন্যায়বিচারের নিরাপদ পরিসর হওয়া উচিত।
সমাবেশ থেকে অধ্যাপক কাবেরী গায়েনের বিরুদ্ধে আনা অভিযোগ অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়। একই সঙ্গে, অভিযোগের তদন্ত হলে তা স্বচ্ছ, নিরপেক্ষ ও ন্যায়সংগত প্রক্রিয়ায় পরিচালনার আহ্বান জানিয়ে অভিযুক্ত ব্যক্তির আত্মপক্ষ সমর্থনের সুযোগ নিশ্চিত করার দাবি তোলা হয়।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ন্যায়সঙ্গত প্রক্রিয়া অনুসরণ না করলে প্রগতিশীল ছাত্র, যুব ও সাংস্কৃতিক সংগঠনগুলোর উদ্যোগে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
মতামত দিন