রাষ্ট্রায়ত্ত ৪৪ কারখানা বেসরকারি খাতে দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ
রাজধানীতে রাষ্ট্রায়ত্ত ৪৪টি কারখানা বেসরকারি খাতে দেওয়ার সিদ্ধান্ত বাতিল এবং ‘অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি-২০২৬’ বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাসদ (মার্কসবাদী)।
সোমবার (১০ আগস্ট) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। দলের সমন্বয়ক মাসুদ রানার সভাপতিত্বে সমাবেশটি সঞ্চালনা করেন নির্বাহী ফোরামের সদস্য রাশেদ শাহরিয়ার। এতে বক্তব্য দেন নির্বাহী ফোরামের সদস্য সীমা দত্ত ও রাজু আহমেদ।
সমাবেশে বক্তারা বলেন, জ্বালানি তেল আমদানি, বিদ্যুৎ বিতরণ, রেল, পর্যটন মোটেলসহ বিভিন্ন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং ৪৪টি কারখানা বেসরকারি খাতে দেওয়ার উদ্যোগ জনসম্পদকে বেসরকারি মালিকানায় তুলে দেওয়ার শামিল। এ সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করতে হবে।
তাদের অভিযোগ, রাষ্ট্রীয় সম্পদ ও জনসেবামূলক প্রতিষ্ঠানগুলো বেসরকারি মালিকানায় চলে গেলে সেগুলো ক্রমে মুনাফাকেন্দ্রিক প্রতিষ্ঠানে পরিণত হবে। এর ফলে জ্বালানি, বিদ্যুৎ, রেল ও ওষুধের মতো মানুষের নিত্যপ্রয়োজনীয় খাতে ব্যয় বাড়ার পাশাপাশি কর্মসংস্থানও ঝুঁকিতে পড়তে পারে।
বক্তারা আরও বলেন, ‘অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি-২০২৬’ বাতিলের সিদ্ধান্তও সাধারণ মানুষের জন্য উদ্বেগের। প্রয়োজনীয় ওষুধ সহজলভ্য ও সাশ্রয়ী রাখার স্বার্থে এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান তারা।
সমাবেশে নেতারা অতীতের বেসরকারিকরণের উদাহরণ তুলে ধরে বলেন, রাষ্ট্রীয় সম্পদ বেসরকারি মালিকানায় হস্তান্তরের ফলে সাধারণ মানুষের স্বার্থের বদলে বড় পুঁজিপতি গোষ্ঠীগুলোই বেশি লাভবান হয়েছে। তাই রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বেসরকারিকরণের উদ্যোগের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তারা।
মতামত দিন