শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের সূচনা বক্তব্য রোববার
জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের সূচনা বক্তব্য ও প্রথম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল রোববার (৩ আগস্ট)। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এদিন রাষ্ট্রপক্ষের বক্তব্যের পাশাপাশি আদালতের অনুমতি সাপেক্ষে সরাসরি সম্প্রচার হবে।
শনিবার (২ আগস্ট) ভিউজ বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।
এর আগে গত ৭ জুলাই মামলাটিতে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য দিন ধার্য করা হয়েছিল। মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এদের মধ্যে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন।
তবে ওইদিন শুনানিতে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের অব্যাহতির আবেদন করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন। আদালত সেই আবেদন খারিজ করে মামলাটির আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দেন।
গত ১০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনকালে সংঘটিত অপরাধের প্রেক্ষাপটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত হিসেবে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে