Views Bangladesh Logo

লুকোনো অনুভূতি প্রকাশের দিন আজ ‘প্রপোজ ডে’

 VB  Desk

ভিবি ডেস্ক

ভালোবাসার প্রকাশ কখনো নীরব, কখনো সাহসী। আর সেই সাহস করে মনের কথা বলার বিশেষ দিনই হলো প্রপোজ ডে। ভ্যালেন্টাইন্স সপ্তাহের দ্বিতীয় দিন হিসেবে প্রতি বছর ৮ ফেব্রুয়ারি বিশ্বজুড়ে পালিত হয় এই দিনটি। যারা দীর্ঘদিন ধরে মনের ভেতর লুকিয়ে রাখা অনুভূতিগুলো প্রকাশের সুযোগ খুঁজছেন, তাদের জন্য প্রপোজ ডে এক অনন্য উপলক্ষ।

ভ্যালেন্টাইন্স সপ্তাহ মূলত প্রেম ও রোমান্স উদযাপনের সময়। ৭ ফেব্রুয়ারি রোজ ডে দিয়ে শুরু হয়ে ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পর্যন্ত টানা সাত দিন ভালোবাসার নানা রূপ উদযাপিত হয়। তারই ধারাবাহিকতায় আজ প্রপোজ ডে—যে দিনে ভালোবাসাকে দেওয়া হয় স্পষ্ট ভাষা, সাহসী প্রকাশ।

প্রপোজ ডে-এর ধারণা এসেছে পাশ্চাত্য সংস্কৃতি থেকে। ১৮শ ও ১৯শ শতাব্দীতে ইউরোপ ও আমেরিকায় পুরুষরা আনুষ্ঠানিকভাবে আংটি দিয়ে প্রিয় মানুষকে বিয়ের প্রস্তাব দিতেন। হাঁটু গেড়ে বসে প্রপোজ করার সেই রোমান্টিক ঐতিহ্য আজও জনপ্রিয়। সময়ের সঙ্গে সঙ্গে ভ্যালেন্টাইন্স সপ্তাহের জনপ্রিয়তা বাড়ার পাশাপাশি প্রপোজ ডেও বিশেষ গুরুত্ব পায়, বিশেষ করে বিংশ শতাব্দীর শেষভাগ থেকে।

ভালোবাসা জানানোর সুযোগ
বর্তমানে শুধু পাশ্চাত্য দেশ নয়, ভারতসহ উপমহাদেশেও প্রপোজ ডে উদযাপনের প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এই দিনটি শুধু নতুন সম্পর্ক শুরু করার জন্য নয়, বরং বিদ্যমান সম্পর্ককে আরও দৃঢ় করারও একটি সুযোগ। প্রিয় মানুষকে আবার নতুন করে বিশেষ অনুভব করানোর দিনও হতে পারে আজ।

অনেকেই মনের ভেতর ভালোবাসা পুষে রাখেন, কিন্তু প্রকাশ করতে সাহস পান না। তাদের জন্য প্রপোজ ডে হতে পারে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। তবে ভালোবাসা প্রকাশের আগে সবচেয়ে জরুরি বিষয় হলো—সম্মতি। শালীনতা ও সম্মানের সঙ্গে অনুভূতি প্রকাশ করাই প্রকৃত ভালোবাসার পরিচয়।

কীভাবে করবেন প্রপোজ?
প্রপোজ মানেই বড় আয়োজন নয়। সহজ কিন্তু হৃদয়ছোঁয়া কিছু উপায়েই বলা যেতে পারে মনের কথা।

নিজের অনুভূতি লিখে একটি চিঠি বা ছোট নোট উপহার দেওয়া

চার লাইনের একটি কবিতায় ভালোবাসা প্রকাশ

পছন্দের জায়গায় সময় কাটিয়ে মনের কথা বলা

ছোট কোনো সারপ্রাইজ বা অর্থবহ উপহার দেওয়া

ভালোবাসা এমন এক আবেগ, যা পুরোপুরি শব্দে প্রকাশ করা যায় না। রোমিও-জুলিয়েট কিংবা লায়লা-মজনুর মতো চিরন্তন প্রেমের গল্পগুলো আমাদের সেই কথাই শেখায়—ভালোবাসা মানে দু’জন মানুষের অন্তরের গভীর বন্ধন।

আজই বলুন মনের কথা

যাদের গোলাপ দেওয়ার সুযোগ গতকাল হাতছাড়া হয়েছে, তারাও আজ পিছিয়ে নেই। প্রপোজ ডে ভালোবাসা জানানোর আরেকটি সুন্দর সুযোগ। এতদিন যা বলা হয়নি, আজ সাহস করে বলে ফেলাই পারে জীবনের নতুন গল্পের শুরু।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ