Views Bangladesh Logo

বাকৃবির ২৭তম উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২৭তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার। আগামী চার বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।

অধ্যাপক রফিকুল ইসলাম সরদার বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ফিশারীজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টার দায়িত্বেও রয়েছেন। এর আগে মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন, ফিশারীজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের প্রধান, ফিশ মিউজিয়াম অ্যান্ড জার্মপ্লাজম সেন্টারের পরিচালক এবং ফজলুল হক হলের প্রভোস্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি।

২০২৪ সালের ১ ফেব্রুয়ারি থেকে বাকৃবি শিক্ষক সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন অধ্যাপক রফিকুল ইসলাম সরদার। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দফতরের তথ্য অনুযায়ী, মৎস্য প্রজনন, মলিকুলার জেনেটিক্স ও বায়োটেকনোলজি তার গবেষণার প্রধান ক্ষেত্র।

গবেষণায় তার তত্ত্বাবধানে ৩৫ জনের বেশি স্নাতকোত্তর শিক্ষার্থী এবং আটজন পিএইচডি গবেষক তাদের গবেষণা সম্পন্ন করেছেন। মাঠপর্যায়ে প্রয়োগের উপযোগী চারটি মৎস্য প্রযুক্তিও উদ্ভাবন করেছেন তিনি। এ ছাড়া জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের অর্থায়নে পরিচালিত ২১টি গবেষণা প্রকল্পে প্রধান গবেষক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

অধ্যাপক রফিকুল ইসলাম সরদার দেশ-বিদেশের বিভিন্ন গবেষণা ও পেশাজীবী সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন। পেশাগত দায়িত্বের অংশ হিসেবে তিনি যুক্তরাজ্য, জাপান, জার্মানি, যুক্তরাষ্ট্র ও কানাডাসহ বিভিন্ন দেশ সফর করেছেন। এসব সফরে তিনি আন্তর্জাতিক বিভিন্ন সেমিনার, সম্মেলন ও সিম্পোজিয়ামে অংশ নিয়েছেন।

নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক রফিকুল ইসলাম সরদারের নিয়োগের মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক নেতৃত্বে নতুন অধ্যায়ের সূচনা হলো। আগামী চার বছর তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমে নেতৃত্ব দেবেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ