Views Bangladesh Logo

আরেক মামলায় গ্রেপ্তার দেখানো হলো অধ্যাপক আবুল বারকাতকে, আটকে গেল মুক্তি

জুলাই আন্দোলনের সময় রাজধানীর নীলক্ষেত এলাকায় ব্যবসায়ী আবদুল ওয়াদুদ হত্যা মামলায় অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাতকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। ফলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেলেও আপাতত তার কারামুক্তি হচ্ছে না।

রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে ওই হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালতে হাজির করা হলে আবুল বারকাতের পক্ষে আইনজীবী জামিন আবেদন করেন। আদালত আগামী সোমবার সেই আবেদনের শুনানির দিন ধার্য করেছেন।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বলেন, আগে কয়েকটি মামলায় জামিন পেলেও নতুন এই মামলায় গ্রেপ্তার দেখানো হওয়ায় তার মুক্তি স্থগিত হয়ে গেছে।

গত বছরের ১০ জুলাই রাজধানীর ধানমন্ডি এলাকার বাসা থেকে আবুল বারকাতকে গ্রেপ্তার করা হয়। পরে জনতা ব্যাংক থেকে অ্যাননটেক্স গ্রুপের নামে ২৯৭ কোটি টাকার ঋণ জালিয়াতি ও আত্মসাতের অভিযোগে দায়ের করা দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। তিনি আওয়ামী লীগ সরকারের সময়ে জনতা ব্যাংকের চেয়ারম্যান ছিলেন।

গত ৭ জুন আপিল বিভাগ থেকে ওই মামলায় জামিন পাওয়ার পর গোয়েন্দা পুলিশের রমনা বিভাগের পক্ষ থেকে তাঁকে আবদুল ওয়াদুদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়।

পুলিশের আবেদনে দাবি করা হয়েছে, ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের আর্থিক সহায়তা ও নির্দেশনা দেওয়ার সঙ্গে আবুল বারকাতের সম্পৃক্ততার তথ্য তদন্তে পাওয়া গেছে।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর নীলক্ষেত এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন ব্যবসায়ী আবদুল ওয়াদুদ। এ ঘটনায় তাঁর শ্যালক আবদুর রব নিউমার্কেট থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ১৩০ জনকে আসামি করা হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ