হামে শিশু মৃত্যুর দায়ে ইউনূসের বিচার দাবিতে পেশাজীবীদের মানববন্ধন
হামের টিকা না দিয়ে পরিকল্পিতভাবে শিশু হত্যার অভিযোগ তুলে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের বিচার দাবি করেছে 'সচেতন নাগরিক সমাজ'। বুধবার বিকেলে রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে আয়োজিত এক মানববন্ধনে ডাক্তার, শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, কৃষিবিদ ও প্রকৌশলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই দাবি জানান। একইসঙ্গে হামে মৃত শিশুদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ারও দাবি তোলেন বক্তারা।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ইউনিসেফের সহায়তায় নিয়মিত টিকাদান কর্মসূচির ফলে বাংলাদেশ থেকে হাম প্রায় নির্মূল হয়ে গিয়েছিল। কিন্তু ইউনূস সরকার ইউনিসেফের সঙ্গে চুক্তি বাতিল করে এবং পরবর্তীতে আর টিকা কেনেনি। এর ফলে কোটি শিশুর জীবন ঝুঁকিতে পড়ে। সরকারি হিসাবে এরই মধ্যে প্রায় পাঁচশ শিশু হামে আক্রান্ত হয়ে মারা গেছে, বেসরকারি হিসাবে এই সংখ্যা এক হাজারের বেশি। আক্রান্ত হয়েছে প্রায় এক লাখ শিশু। বক্তারা এই মৃত্যুকে হত্যাকাণ্ড আখ্যায়িত করে ইউনূসের মৃত্যুদণ্ড দাবি করেন।
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের সদস্য সচিব শেখ জামালের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. জামাল উদ্দিন চৌধুরী, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. অহিদুজ্জামান, কৃষিবিদ সাইদুর রহমান সেলিম, অ্যাডভোকেট শামীম আল সাইফুল সোহাগ, ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল পাশা চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দলের কো-কনভেনার অধ্যাপক তৌহিদ রশীদ প্রমুখ।
অধ্যাপক ডা. জামাল উদ্দিন চৌধুরী বলেন, হামের টিকা সংগ্রহে দীর্ঘসূত্রতার পেছনের আসল রহস্য জাতি জানতে চায়। শিশুদের এই অকাল মৃত্যুর জন্য দায়ী ড. ইউনূস, নুরজাহান বেগম এবং ডা. সাইদুর রহমানের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের নিরপেক্ষ তদন্ত দ্রুত শেষ করে তাদের বিচারের আওতায় আনতে হবে এবং মৃত শিশুদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। প্রগতিশীল পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. অহিদুজ্জামান বলেন, শিশুদের এই মৃত্যু স্বাভাবিক নয়, এটা হত্যাকাণ্ডের শামিল। এর যথোপযুক্ত বিচার নিশ্চিত করলেই কেবল নিষ্পাপ শিশুদের আত্মা শান্তি পাবে।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক আকতার হোসেন, কৃষিবিদ আ ফ ম মাহবুবুর রহমান, অধ্যাপক আজমল হোসেন ভূঁইয়াসহ বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে