গ্রেনেড হামলা মামলার রায়ের প্রতিক্রিয়ায় যা বললেন বিএনপির আইনজীবীরা
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামিকে খালাস দিয়ে রোববার (১ ডিসেম্বর) রায় দেন হাইকোর্ট।
এই রায়ের প্রতিক্রিয়ায় বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘এই মামলায় প্রকৃত আসামিকে বাদ দিয়ে রাজনৈতিকহীন উদ্দেশ্যে আসামি বানিয়ে বিচার করায় মামলার সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট।’
তিনি বলেন, ‘মামলায় মোট চারটি চার্জশিট দেয়া হয়েছে। প্রথম তিনটি চার্জশিটে তারেক রহমানের নাম ছিল না। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর চতুর্থ চাজশিটে তারেক রহমানের নাম অন্তর্ভুক্ত করে। তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে ঘায়েল করার জন্য রাজনৈতিক উদ্দেশ্যে তারেক রহমানসহ বিএনপির অন্যান্য নেতাদের আসামি করে দণ্ড দিয়েছেন। আজ প্রমাণিত হয়েছে এই চার্জশিট আইন বহির্ভূত ছিল। তাই এই চার্জশিটে যাদের নাম অন্তর্ভুক্ত ছিল তারা এই মামলা থেকে খালাস পেয়েছেন।
সিনিয়র আইনীজীবী ও সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি জয়নুল আবেদীন বলেন, ‘২১ অগাস্টে বিরোধী দল আওয়ামী লীগকে জনসভার অনুমতি দেয়া হয়েছিল পাশের একটি ময়দানে। কিন্তু তারা সরকারকে না জানিয়ে স্থান পরিবর্তন করে রাস্তার মধ্যে সমাবেশ করেন। এটা ছিল উদ্দেশ্যপ্রণোদিত এবং তৎকালীন সরকারকে বেকায়দায় ফেলার জন্য তিনি (শেখ হাসিনা) এই কাজটি করেছেন। এই গ্রেনেড হামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল। আদালত সব সাক্ষী-প্রমাণ বিশ্লেষণ করে দেখেছেন যে, চার্জশিটের আলোকে তাদের দণ্ড দেয়া হয়েছে, তা টিকতে পারে না। কেননা সরাসরি প্রমাণ ছাড়া কাউকে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন দেয়া যায় না।’

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে