আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যু: তদন্ত কমিটি গঠন
রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, স্বাস্থ্য বিভাগ ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তাদের সমন্বয়ে এই কমিটি গঠন করা হয়েছে।
হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, গঠিত কমিটিকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ঘটনার তদন্তের সুবিধার্থে হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ড এবং এনআইসিইউ সেবা সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, প্রাথমিক পর্যবেক্ষণে ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে এই মর্মান্তিক ঘটনাটি ঘটতে পারে।
এদিকে ঘটনার কারণ ও কোনো কারিগরি ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখতে সিআইডির ফরেনসিক টিম এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছে তাদের তদন্ত কার্যক্রম শুরু করেছে।
বুধবার (২৭ মে) সকালে এই মর্মান্তিক ঘটনা ঘটে। ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনার তদন্ত চলছে’।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে