Views Bangladesh Logo

বেসরকারি বিশ্ববিদ্যালয়কে দিতে হবে ১৫ শতাংশ ট্যাক্স

দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়কে ১৫ শতাংশ ট্যাক্স দিতে নিদর্শনা দিয়ে রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে সরকারের ১৫ শতাংশ হারে আয়কর আদায় সংক্রান্ত আপিল নিষ্পত্তি করে মঙ্গলবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি বোরহান উদ্দিনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ রায় দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। রিটের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এফ হাসান আরিফ।

এর আগে ২০২৩ সালের জুন মাসে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে সরকারের ১৫ শতাংশ হারে আয়কর আদায় সংক্রান্ত আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আয়কর আদায় থেকে বিরত থাকতে আপিল বিভাগের আদেশ বহাল রাখেন সর্বোচ্চ আদালত।

একইসঙ্গে, আয়কর আদায় নিয়ে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দায়ের করা ৪৬টি রিট হাইকোর্টে চূড়ান্ত শুনানির আদেশ বহাল রাখা হয়।

এর আগে ২০০৭ সালের ২৮ জুন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর ১৫ শতাংশ আয়কর আরোপের বিষয়টি ওই বছরের ১ জুলাই থেকে কার্যকর করার জন্য গেজেট প্রকাশ করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

অপর এক প্রজ্ঞাপনে বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং কলেজ ও আইসিটি প্রতিষ্ঠানের ওপর ১৫ শতাংশ আয়কর আরোপ করা হয়।

পরবর্তীতে, সরকারের এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ৪৬টি রিট করে।

ওই রিটের চূড়ান্ত শুনানি নিয়ে ২০১৬ সালের ৫ সেপ্টেম্বর হাইকোর্ট ওই প্রজ্ঞাপনকে অবৈধ ঘোষণা করে সরকারি পরিপত্র অনুযায়ী আদায়কৃত অর্থ ফেরত দিতে এনবিআরকে নির্দেশ দেন।

এরপর, রাষ্ট্রপক্ষ শীর্ষ আদালতে লিভ টু আপিল করার অনুমতি দেওয়ার আবেদন করেছিল, যা অবশেষে ৯ ফেব্রুয়ারি, ২০২১ এ মঞ্জুর হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ