Views Bangladesh Logo

যুবলীগ নেতা পারভেজ হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

ফেনীর ছাগলনাইয়ায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা যোবায়ের পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মামুনুর রশিদ মামুনকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। ঘটনার প্রায় এক মাস পর যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোররাতে রাজধানীর লালবাগ থানার বাঁশপট্টি এলাকার একটি হোটেলের সামনে থেকে র‍্যাব-৭ ও র‍্যাব-১০-এর যৌথ দল তাকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন।

র‍্যাব জানায়, গত ২৭ জুন রাতে ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের সমিতি বাজার এলাকায় নিজ বাড়ির সামনে থেকে ডেকে নিয়ে যোবায়ের পারভেজকে হত্যা করা হয়। অভিযোগ অনুযায়ী, মামুনুর রশিদ মামুনের নেতৃত্বে একদল ব্যক্তি কথাকাটাকাটির একপর্যায়ে তাকে গলা কেটে হত্যা করে এবং পরে মরদেহ একটি পুকুরে ফেলে দেয়।

পরদিন ভোরে স্থানীয়রা পুকুরে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ছাগলনাইয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

র‍্যাবের ভাষ্য, ঘটনার পর থেকেই প্রধান আসামি আত্মগোপনে ছিলেন। ছায়া তদন্ত ও আধুনিক প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে ঢাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মামুনুর রশিদ মামুন ছাগলনাইয়া উপজেলার নিজকুঞ্জরা এলাকার বাসিন্দা। তাকে ছাগলনাইয়া থানার কাছে হস্তান্তর করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের জানান, তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ