প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর রাখার ঘোষণা বিএনপির
ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর নির্ধারণ এবং উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টি করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। একই সঙ্গে সংসদের উচ্চকক্ষ প্রবর্তন, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগ এবং উচ্চকক্ষে ২০ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে দলটি।
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঘোষিত বিএনপির নির্বাচনি ইশতেহারে এসব অঙ্গীকার তুলে ধরা হয়।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ইশতেহার ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে ইশতেহারের বিভিন্ন দিক উপস্থাপন করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
ইশতেহারের রাষ্ট্রব্যবস্থা সংস্কার অংশে বলা হয়েছে, সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস রাষ্ট্র পরিচালনার অন্যতম মূলনীতি হিসেবে সংবিধানে পুনঃস্থাপন করা হবে। পাশাপাশি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, অগণতান্ত্রিক সংশোধনী বাতিল, ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র সংস্কার, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল এবং রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করার কথা বলা হয়েছে।
এ ছাড়া বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণ, সংসদে উচ্চকক্ষ প্রবর্তন, বিরোধীদলীয় ডেপুটি স্পিকার নিয়োগ, সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন, আন্তর্জাতিক চুক্তিতে স্বচ্ছতা নিশ্চিতকরণ, স্বাধীন নির্বাচন কমিশন গঠন এবং সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহের সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ইশতেহারে।
ইশতেহারে আরও বলা হয়, বিএনপি প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতির পরিবর্তে ভবিষ্যৎমুখী নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠায় বিশ্বাস করে। ভোটকে রাষ্ট্রক্ষমতার একমাত্র বৈধ উৎস হিসেবে পুনঃপ্রতিষ্ঠা, রাষ্ট্রের প্রতিটি স্তরে জবাবদিহিতা নিশ্চিতকরণ, গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে জনকল্যাণমূলক ও অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের অঙ্গীকার করা হয়।
রাষ্ট্রব্যবস্থা সংস্কার প্রসঙ্গে ইশতেহারে উল্লেখ করা হয়, জাতি গঠন শুধু রাষ্ট্র পরিচালনার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং বিভাজন অতিক্রম করে একটি অভিন্ন জাতীয় সত্তা নির্মাণই বিএনপির লক্ষ্য। বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে রাজনৈতিক ও সামাজিক বিভাজনের অবসান ঘটিয়ে ধর্ম, অঞ্চল ও শ্রেণি নির্বিশেষে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার কথা জানানো হয়।
এ ছাড়া সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা, বৈষম্য দূরীকরণ এবং অতীতের ক্ষত নিরসনে ‘ট্রুথ অ্যান্ড হিলিং কমিশন’ গঠনের প্রতিশ্রুতিও দিয়েছে বিএনপি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে