Views Bangladesh Logo

ঈদ শুভেচ্ছার জন্য নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে চিঠি দেওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। ভারতীয় প্রধানমন্ত্রীর শুভেচ্ছাকে ‘অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ’ আখ্যা দিয়ে তিনি দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

বৃহস্পতিবার (২৮ মে) ঈদুল আজহার দিন প্রধানমন্ত্রী বলেন, ‘ঈদুল আজহার আনন্দের মুহূর্তে আমাকে ও বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানানোর জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমি ধন্যবাদ জানাই।’

এর আগে, বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও জনগণকে শুভেচ্ছা জানিয়ে চিঠি দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী দুই প্রতিবেশী দেশের মধ্যে জনকল্যাণমুখী সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে নয়াদিল্লির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

ঢাকার ভারতীয় হাইকমিশনের বরাতে জানানো হয়, চিঠিতে মোদি বাংলাদেশের ‘ভ্রাতৃপ্রতিম জনগণকে’ ভারতের জনগণ ও সরকারের পক্ষ থেকে শুভেচ্ছা জানান। চিঠিতে নরেন্দ্র মোদি লিখেছেন, এই পবিত্র উৎসব ভারতের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ। ভারতের কোটি কোটি মুসলিম অত্যন্ত আনন্দ ও উদ্দীপনার সঙ্গে এই উৎসব উদযাপন করছেন।

নরেন্দ্র মোদি আরও উল্লেখ করেন, ঈদুল আজহার ত্যাগ, সহানুভূতি ও ভ্রাতৃত্বের শাশ্বত আদর্শকে সমুন্নত রাখে, যা একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গড়ে তোলার জন্য অত্যন্ত অপরিহার্য। ভারতের প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় সম্পর্কের কথা তুলে ধরে বলেন, যৌথ আত্মত্যাগ, সাংস্কৃতিক মিল এবং শান্তি, স্থিতিশীলতা ও প্রবৃদ্ধির পারস্পরিক আকাঙ্ক্ষার ওপর ভিত্তি করে ভারত ও বাংলাদেশের মধ্যে এক গভীর সম্পর্ক গড়ে উঠেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ