Views Bangladesh Logo

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৩ জুন) সকাল ১০টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। এর আগে সকাল ৯টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কক্সবাজারের উদ্দেশে যাত্রা করেন তিনি।

সফরসূচি অনুযায়ী, কক্সবাজারে পৌঁছে প্রথমে পিএমখালী এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খনন করা ‘পাতলীখাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর তিনি সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখবেন।

দুপুর ১২টায় চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি। একই সফরে জুলাই গণঅভ্যুত্থান-২৪ আন্দোলনে শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত এবং শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। এছাড়া নবগঠিত পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। পরে পেকুয়ার স্থানীয় সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বাসায় মধ্যাহ্নভোজ ও বিশ্রাম নেবেন প্রধানমন্ত্রী।

বিকেল ৪টায় চকরিয়া বাস টার্মিনালে বিএনপির রাজনৈতিক জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান। এরপর কক্সবাজার শহরে সুধী সমাবেশে অংশ নিয়ে মেরিন ড্রাইভ ও সমুদ্র সৈকত পরিদর্শন করবেন তিনি। দিনশেষে রাত ১০টায় ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

এদিকে সফরকে ঘিরে কক্সবাজারজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী, জেলা প্রশাসন এবং বিভিন্ন সরকারি দপ্তর সমন্বিতভাবে সার্বিক প্রস্তুতি নিয়েছে।

জেলা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সফর নির্বিঘ্ন করতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সব সংস্থা একযোগে কাজ করছে।

জেলা প্রশাসনও জানিয়েছে, প্রধানমন্ত্রীর কর্মসূচি সফলভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে শেষ করা হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ