নিট প্রশ্নফাঁসের মূল হোতা বিজেন্দ্র গুপ্ত গ্রেপ্তার
ভারতের চিকিৎসা শিক্ষায় ভর্তির প্রবেশিকা পরীক্ষা নিট-ইউজি প্রশ্নফাঁস চক্রের মূল হোতা হিসেবে অভিযুক্ত বিজেন্দ্র (বা বীরেন্দ্র) কুমার গুপ্তকে গ্রেপ্তার করেছে মহারাষ্ট্র পুলিশ। তিন সপ্তাহ ধরে অভিযান চালানোর পর শনিবার বিহার থেকে তাকে আটক করা হয়।
ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে অভিযুক্তের নাম বিজেন্দ্র গুপ্ত, বীরেন্দ্র কুমার গুপ্ত বা বীরেন্দ্র গুপ্ত—এই তিনভাবে উল্লেখ করা হয়েছে। তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, অবস্থান বারবার পরিবর্তন করায় তাকে ধরতে সময় লাগে।
পুলিশ জানিয়েছে, গত ২৮ জুন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল মহারাষ্ট্র শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টিইটি)। পরীক্ষা শুরুর আগে প্রশ্নফাঁসের তথ্য পাওয়ায় সেটি বাতিল করা হয়। তদন্তে পরে একাধিক রাজ্যে বিস্তৃত একটি প্রশ্নফাঁস চক্রের সন্ধান মেলে। সেই তদন্তের ধারাবাহিকতায় বিজেন্দ্র গুপ্তকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে এ মামলায় বিজেন্দ্র গুপ্তের স্ত্রী, তার কয়েকজন সহযোগী এবং উত্তর প্রদেশের আগ্রাভিত্তিক একটি ছাপাখানার দুই কর্মচারীকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ, ওই ছাপাখানা থেকেই প্রশ্নপত্র সংগ্রহ করতেন গুপ্ত। তাকে গ্রেপ্তারের পর তার ঘনিষ্ঠ সহযোগী ইন্দ্রজিৎ সিং ওরফে পিকুকেও আটক করেছে পুলিশ।
তদন্তকারীদের ধারণা, বিজেন্দ্র গুপ্ত দেশের বিভিন্ন সরকারি নিয়োগ ও ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত থাকতে পারেন। জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে পুরো চক্র, অর্থ লেনদেনের পথ এবং প্রশ্নপত্র ফাঁসের উৎস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে আশা করছে পুলিশ।
উল্লেখ্য, নিট-ইউজি প্রশ্নফাঁসের অভিযোগকে কেন্দ্র করে সম্প্রতি ভারতজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়ে। আন্দোলনে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিও ওঠে।
মতামত দিন