Views Bangladesh Logo

প্রাথমিকে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচি, পরিকল্পনা ও ক্যালেন্ডার তৈরির নির্দেশ

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে সম্পৃক্ত করতে নতুন উদ্যোগ নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ বা ‘এক শিশু, এক গাছ’ থিমের আওতায় প্রতিটি বিদ্যালয়ে শিক্ষার্থীসংখ্যা অনুযায়ী বৃক্ষরোপণের পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নের সময়সূচি নির্ধারণ করে ক্যালেন্ডার তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি ডিপিইর সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে বিভাগীয় উপপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের এ নির্দেশনা দেওয়া হয়। অধিদপ্তরের জুলাই ২০২৬-এর মাসিক সমন্বয় সভার সিদ্ধান্তের ভিত্তিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীসংখ্যা বিবেচনায় নিয়ে কতটি গাছ লাগানো হবে, কোথায় সেগুলো রোপণ করা হবে এবং কী পদ্ধতিতে পুরো কার্যক্রম পরিচালিত হবে, তা আগেই নির্ধারণ করতে হবে। পাশাপাশি বৃক্ষরোপণের জন্য নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করে একটি বিস্তারিত ক্যালেন্ডার প্রস্তুত করতে বলা হয়েছে।

ডিপিই জানিয়েছে, পরিকল্পনা তৈরি করেই কার্যক্রম শেষ করা যাবে না। প্রস্তুত করা পরিকল্পনা অনুযায়ী বিদ্যালয়গুলোতে বাস্তবিক অর্থে বৃক্ষরোপণ নিশ্চিত করতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার কথাও বলা হয়েছে।

‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের শৈশব থেকেই পরিবেশ রক্ষার কাজে যুক্ত করার লক্ষ্য নেওয়া হয়েছে। একটি শিশুর সঙ্গে একটি গাছের সম্পর্ক তৈরি হলে গাছের পরিচর্যা ও পরিবেশ সংরক্ষণের প্রতি তাদের দায়িত্ববোধ বাড়বে বলে মনে করছে সংশ্লিষ্টরা। শিক্ষার্থীদের গাছের পরিচর্যায় যুক্ত করা গেলে প্রকৃতির প্রতি তাদের মমত্ববোধও তৈরি হতে পারে।

জলবায়ু পরিবর্তন, তাপমাত্রা বৃদ্ধি, অপরিকল্পিত নগরায়ণ ও পরিবেশদূষণের কারণে দেশে সবুজায়নের গুরুত্ব বাড়ছে। এমন বাস্তবতায় শিক্ষাপ্রতিষ্ঠানকে কেন্দ্র করে পরিকল্পিত বৃক্ষরোপণ কার্যক্রম পরিবেশ রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখতে পারে। বিদ্যালয়ভিত্তিক পরিকল্পনা ও সময়সূচির মাধ্যমে শুধু নির্দিষ্ট কোনো দিবসকে কেন্দ্র করে নয়, বরং ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ ও পরিচর্যার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

সুত্র: বাসস

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ