ছুটি শেষে আজ খুললো প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়
দীর্ঘ অবকাশ শেষে আবারও শ্রেণিকক্ষে ফিরেছেন দেশের সরকারি ও বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসার শিক্ষার্থীরা।
দুর্গাপূজা, লক্ষ্মীপূজা ও সরকারি ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা ১০ দিনের বিরতির পর আজ সোমবার (২৬ অক্টোবর) থেকে এসব শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত পাঠদান শুরু হয়েছে। তবে সরকারি ও বেসরকারি কলেজের শিক্ষার্থীদের আরও কয়েক দিন অপেক্ষা করতে হবে। আগামী ১ নভেম্বর থেকে কলেজগুলোতে ক্লাস শুরু হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ২০২৬ সালের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, গত ১৮ অক্টোবর থেকে বিদ্যালয় ও মাদ্রাসাগুলোতে ছুটির পর্ব শুরু হয়। এর আগে ১৬ ও ১৭ অক্টোবর সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষার্থীরা দীর্ঘ অবকাশের সুযোগ পান। পরে নির্ধারিত ছুটি শেষ হওয়ার পরও সাপ্তাহিক ছুটি এবং লক্ষ্মীপূজার কারণে ২৫ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকে এসব শিক্ষাপ্রতিষ্ঠান।
ছুটি শেষ হওয়ায় আজ থেকে আবারও নিয়মিত শিক্ষা কার্যক্রমে ফিরেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। শ্রেণিকক্ষে পাঠদানসহ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক কার্যক্রম পুনরায় চালু হয়েছে।
অন্যদিকে, সরকারি ও বেসরকারি কলেজের ছুটির সময়সূচি আলাদা। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অনুমোদিত বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে কলেজগুলোতে ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ছুটি নির্ধারিত রয়েছে।
২৯ অক্টোবর বৃহস্পতিবার ছুটি শেষ হওয়ার পর ৩০ ও ৩১ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকছে। ফলে সব মিলিয়ে দীর্ঘ বিরতি শেষে আগামী রোববার (১ নভেম্বর) থেকে সরকারি ও বেসরকারি কলেজগুলোতে নিয়মিত ক্লাস শুরু হবে।
মতামত দিন