Views Bangladesh Logo

রাষ্ট্রপতির আইনি সুরক্ষা কেবল দায়িত্বকালীন সময়ের জন্য প্রযোজ্য: তথ্য উপদেষ্টা

রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা কেবল তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে; দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তাঁর বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

আজ মঙ্গলবার (২৮ জুলাই) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে দায়মুক্তি দেওয়া হয়েছে কি না—এমন এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, বাংলাদেশের একজন রাষ্ট্রপতি দায়িত্বে থাকা অবস্থায় তাঁর বিরুদ্ধে কোনো আইনি কার্যক্রম শুরু করা যায় না। তবে এই সুরক্ষা কেবল তাঁর দায়িত্বকালীন সময়ের জন্য প্রযোজ্য। দায়িত্ব ছাড়ার পর, দায়িত্ব গ্রহণের আগে বা পরে সংঘটিত কোনো অভিযোগ বা আইনগত বিষয়ে প্রয়োজন হলে তাঁর বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া যাবে।

তিনি স্পষ্ট করে বলেন, তিনি কোনো নির্দিষ্ট ব্যক্তিকে উদ্দেশ্য করে এ মন্তব্য করছেন না, বরং এটি একটি সাধারণ সাংবিধানিক ব্যাখ্যা। এ বিষয়ে যে বিভ্রান্তি ছিল, তা দূর হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

আদালতের স্বাধীনতা নিয়ে এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, আদালত সরকার নয়, আদালত একটি স্বাধীন প্রতিষ্ঠান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ সব আদালতেই জনগণ ন্যায়বিচারের জন্য যেতে পারেন। তিনি বলেন, কোনো কোনো মামলায় সরকার একটি পক্ষ হতে পারে, তবে আদালত স্বাধীনভাবেই সিদ্ধান্ত দেয়। আবার অনেক ক্ষেত্রে সরকার কোনো মামলার পক্ষও থাকে না।

সংবিধানের ৫১ অনুচ্ছেদে রাষ্ট্রপতির দায়মুক্তির বিষয়টি বর্ণিত আছে। এর ৫১(১) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি তাঁর দায়িত্ব পালন করতে গিয়ে কিংবা সেই বিবেচনায় কোনো কাজ করলে বা না করলে সে জন্য তাঁকে কোনো আদালতে জবাবদিহি করতে হয় না। আর ৫১(২) অনুচ্ছেদে বলা হয়েছে, দায়িত্ব পালনকালে রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো ফৌজদারি কার্যধারা দায়ের বা চালু রাখা যাবে না এবং তাঁর গ্রেপ্তার বা কারাবাসের জন্য কোনো আদালত থেকে পরোয়ানা জারি করা যাবে না।

গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। পদত্যাগের পর তাঁর বিচারের দাবি জোরালো হলে তিনি সংবিধানের ৫১ অনুচ্ছেদের প্রসঙ্গ তুলে দাবি করেন, পদত্যাগের পরও তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই। এ প্রেক্ষাপটেই ওই অনুচ্ছেদের ব্যাখ্যা নিয়ে আলোচনা চলছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ