Views Bangladesh Logo

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ২০ আগস্ট

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২০ আগস্ট। আজ বৃহস্পতিবার দুপুরে ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ তফসিল ঘোষণা করেন।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিল করা যাবে ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ১৬ আগস্ট এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট। একাধিক প্রার্থী থাকলে ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোট গ্রহণ করা হবে।

এই নির্বাচনে নির্বাচনী কর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। মনোনয়নপত্র জমা ও বাছাই হবে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে, আর ভোট হবে সংসদের অধিবেশন কক্ষে।

রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুযায়ী সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। আইন অনুযায়ী প্রার্থীর মনোনয়নপত্রে একজন সংসদ সদস্যকে প্রস্তাবক ও আরেকজনকে সমর্থক হতে হবে; প্রার্থীর নিজেরও সম্মতিসূচক স্বাক্ষর থাকতে হবে। প্রার্থীর সংখ্যা একজনের বেশি না হলে তাঁকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে, আর একাধিক প্রার্থী হলে বিধিমালা অনুযায়ী ভোট হবে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সাধারণত রাষ্ট্রপতি নির্বাচনে সরকারি দলের দেওয়া একক প্রার্থীই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন; সে ক্ষেত্রে ভোট গ্রহণের প্রয়োজন হয় না। অর্থাৎ একক প্রার্থী থাকলে ১৮ আগস্টই নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে যাবেন।

সংসদীয় গণতন্ত্র চালুর পর ১৯৯১ সালে একাধিক প্রার্থী হওয়ায় রাষ্ট্রপতি নির্বাচনে ভোট করতে হয়েছিল। এরপর প্রতিবারই ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে আসছেন।

গত ২৪ জুলাই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী তিনি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন। এরপর সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকারই রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতির পদত্যাগের পরবর্তী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করতে হয় ইসিকে।

তফসিল ঘোষণার আগে গত ২৭ জুলাই স্পিকারের সঙ্গে বৈঠকের জন্য চিঠি পাঠায় নির্বাচন কমিশন এবং ৩ আগস্ট সংসদ সদস্যদের ভোটার তালিকা চেয়ে সংসদ সচিবালয়কে অনুরোধ জানানো হয়।

নতুন রাষ্ট্রপতি কে হচ্ছেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। গত ২৭ জুলাই রংপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, সংবিধান অনুযায়ী যথাসময়েই রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং রাষ্ট্রপতি পদে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে দলই সিদ্ধান্ত নেবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ