চার দিনের সফর শেষে ঢাকা ফিরেছেন রাষ্ট্রপতি
চার দিনের সরকারি সফর শেষে নিজ জেলা পাবনা থেকে ঢাকায় ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে পাবনা ক্যাডেট কলেজ মাঠের হেলিপ্যাড থেকে হেলিকপ্টারযোগে তিনি বঙ্গভবনের উদ্দেশে রওনা দেন।
এর আগে শনিবার (২৮ মার্চ) দুপুরে বঙ্গভবন থেকে রওনা হয়ে পাবনার শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে অবতরণের মধ্য দিয়ে তার সফর শুরু হয়। সেখানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে স্বাগত জানান।
সফরকালে রাষ্ট্রপতি সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ করেন এবং সুধীজনদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। দ্বিতীয় দিন তিনি সদর উপজেলার আরিফপুর কেন্দ্রীয় কবরস্থানে গিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত ও দোয়া-মোনাজাতে অংশ নেন। এ ছাড়া পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
সোমবার (৩০ মার্চ) রাষ্ট্রপতি ভবানীপুর মসজিদ পরিদর্শন করেন এবং নিজ বাসভবনে আত্মীয়স্বজনদের সঙ্গে সময় কাটান। পাশাপাশি পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে জেলার উন্নয়ন ও কর্মসংস্থান সংক্রান্ত উদ্যোগ সম্পর্কে অবগত হন এবং সম্ভাবনাময় খাতগুলো কাজে লাগানোর আহ্বান জানান।
সফরে ঈশ্বরদী প্রেসক্লাবের সাংবাদিকদের একটি প্রতিনিধিদলও রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। এ ছাড়া তিনি পাবনা সদরের চরভবানীপুরে একটি শাহী জামে মসজিদের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করেন। পুরো সফরজুড়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে