Views Bangladesh Logo

বঙ্গভবনে প্রথম দিনের দাপ্তরিক কাজ শুরু রাষ্ট্রপতি মির্জা ফখরুলের

শপথ নেওয়ার পর প্রথমবারের মতো বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার প্রথম কর্মদিবসে তিনি নিজ কার্যালয়ে বসে দাপ্তরিক নথিপত্রে স্বাক্ষর করেন। পরে পরিদর্শন বইতেও স্বাক্ষর করেন।

এর আগে বেলা ১১টার দিকে বঙ্গভবনের প্রধান ফটক-২ দিয়ে প্রবেশ করেন রাষ্ট্রপতি। এ সময় বাংলাদেশ পুলিশের একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাঁকে অভ্যর্থনা জানায়।

পরে বঙ্গভবনের ক্রেডেনশিয়াল মাঠে বাংলাদেশ সেনাবাহিনীর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেয়।

গার্ড অব অনার শেষে বঙ্গভবনের অক্টাগোনালে রাষ্ট্রপতি ও তাঁর পরিবারের সদস্যদের ফুল দিয়ে স্বাগত জানান রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, জনবিভাগের সচিব এ জে এম সালাহউদ্দিন নাগরী, প্রেস সচিব মো. সরওয়ার আলম এবং প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম আরিকুল আলম।

গত শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের কাছে তিনি শপথ নেন। এর মধ্য দিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে তাঁর আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ সম্পন্ন হয়।

এরপর শনিবার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। এর মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে তাঁর রাষ্ট্রীয় কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ