ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
নিট চিকিৎসা ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলমান আন্দোলনের মুখে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রহ্লাদ জোশী।
শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় রাষ্ট্রপতির কার্যালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগপত্র গ্রহণের পর কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব প্রহ্লাদ জোশীকে দেওয়া হয়েছে।
বর্তমানে প্রহ্লাদ জোশী কেন্দ্রীয় খাদ্য ও ভোক্তাবিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন দায়িত্বের পাশাপাশি তিনি আগের মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করবেন।
এর আগে ৫৭ বছর বয়সী ধর্মেন্দ্র প্রধান দিল্লির যন্তর মন্তরে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে টানা ৩৫ দিনের আন্দোলনের মুখে শনিবার পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, ‘দেশবিরোধী শক্তি’ যেন চলমান পরিস্থিতির সুযোগ নিতে না পারে, সে কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যেই ককরোচ জনতা পার্টির (সিজেপি) মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রানকা, কেন্দ্রীয় মন্ত্রী জে.পি. নাড্ডা এবং জিতেন্দ্র সিং যৌথ সংবাদ সম্মেলনে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন। তারা জানান, আন্দোলনকারীদের দাবিগুলো বাস্তবায়নে কেন্দ্রীয় সরকারের আশ্বাস পাওয়ার পর সদিচ্ছার অংশ হিসেবে আন্দোলন শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্লেষকদের মতে, প্রশ্নফাঁসের অভিযোগ ঘিরে দেশজুড়ে শিক্ষার্থী ও বিরোধী দলগুলোর আন্দোলনের মধ্যে ভারতের শিক্ষা খাতের চলমান সংকট মোকাবিলায় এই মন্ত্রিসভা পরিবর্তন গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
মতামত দিন