Views Bangladesh Logo

মেক্সিকোতে ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা

মেক্সিকোর দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ৭.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (১৭ জুলাই) আঘাত হানা এই শক্তিশালী ভূমিকম্পের পর দেশটির প্যাসিফিক উপকূলবর্তী বেশ কিছু এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

ভূমিকম্পের তীব্রতায় কেপে ওঠে পার্শ্ববর্তী দেশ গুয়াতেমালা এবং এল সালভাদরও।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মেক্সিকোর চিয়াপাস রাজ্যের উপকূলীয় এলাকার কাছাকাছি।

ভূমিকম্পের পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্কবার্তা জারি করে জানায়, মেক্সিকো এবং গুয়াতেমালার প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় অঞ্চলে ১ মিটার (প্রায় ৩.৩ ফুট) পর্যন্ত উঁচু সুনামির ঢেউ আছড়ে পড়তে পারে। অবশ্য পরবর্তীতে মেক্সিকোর নৌবাহিনী জানায়, সমুদ্রের জলস্তরে বড় ধরনের কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে সুরক্ষার স্বার্থে উপকূলীয় এলাকার বাসিন্দাদের সতর্ক ও নজরদারিতে থাকার আহ্বান জানানো হয়েছে।

তীব্র এই কম্পন অনুভূত হওয়ার সাথে সাথে আতঙ্কিত মানুষজন ঘরবাড়ি ও বহুতল ভবন ছেড়ে খোলা জায়গায় বেরিয়ে আসেন।

প্রতিবেশী দেশ গুয়াতেমালার কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের প্রভাবে বেশ কিছু এলাকায় ছোটখাটো ভূমিধসের ঘটনা ঘটেছে এবং কিছু অঞ্চলে স্কুল-কলেজের ক্লাস সাময়িক স্থগিত রাখা হয়েছে। তবে আশার কথা হলো, এখন পর্যন্ত কোনো দেশ থেকেই বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

মূল ভূমিকম্পটির পর ওই অঞ্চলে ৫ থেকে ৬ মাত্রার বেশ কয়েকটি আফটারশক বা অনুকম্পন রেকর্ড করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যেকোনো জরুরি অবস্থা মোকাবিলায় স্থানীয় প্রশাসন সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রেখেছে।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ