নতুন কমিটিতে পদ না পেয়ে ফেসবুক লাইভে কাঁদলেন ছাত্রদল নেতা
লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের নতুন কমিটিতে পদ না পেয়ে ফেসবুক লাইভে এসে কান্নায় ভেঙে পড়েছেন মো. জাহিদ। তিনি আগের কমিটিতে যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৯ মিনিট ২৪ সেকেন্ডের একটি লাইভ ভিডিওতে দেখা যায়, তিনি আবেগাপ্লুত হয়ে দলের প্রতি ক্ষোভ প্রকাশ করছেন এবং কান্নায় ভেঙে পড়েন।
শনিবার রাতে লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের ১৮ সদস্যের নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে আবুল বারাকাতকে আহ্বায়ক, আবদুল্লাহ আল খালেদকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এবং হাসিবুর রহমানকে সদস্যসচিব করা হয়েছে।
কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন।
কমিটি ঘোষণার পরই নিজের ফেসবুক আইডি থেকে লাইভে আসেন জাহিদ। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন দলীয় কর্মকাণ্ডে সক্রিয় থাকার পরও তাকে মূল্যায়ন করা হয়নি। তার দাবি, যোগ্যতা থাকা সত্ত্বেও নতুন কমিটিতে তাকে বাদ দেওয়া হয়েছে।
লাইভে আবেগঘন কণ্ঠে তিনি বলেন, দলীয় কর্মকাণ্ডে অবদান রাখার পরও বঞ্চিত হওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। একই সঙ্গে দলের কিছু নেতার প্রতি ক্ষোভও প্রকাশ করেন তিনি।
এ বিষয়ে মো. জাহিদ গণমাধ্যমকে বলেন, দীর্ঘদিন ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম এবং রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছি। তবে নতুন কমিটিতে স্থান না পাওয়ায় হতাশ হয়েছি।
উল্লেখ্য, এর আগে ২০১৮ সালে লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সর্বশেষ পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছিল।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে