Views Bangladesh Logo

বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী

সরকারের ব্যয় সংকোচন নীতি বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে এবার বাতিল করা হয়েছে বাজেট পরবর্তী নৈশভোজ।

প্রতিবছর বাজেট পাসের দিন রাতে অর্থ মন্ত্রণালয়ের আয়োজনে সংসদ ভবনে এই নৈশভোজ অনুষ্ঠিত হয়, যাতে প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতাসহ মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও সাংবাদিকরা অংশ নেন।

এবার এই আয়োজন বাতিল হওয়ায় সরকারের প্রায় ৫০ লাখ টাকা সাশ্রয় হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। মঙ্গলবার বাজেট পাসের পর তিনি এ তথ্য জানান।

প্রধানমন্ত্রীর নির্দেশে তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের আপ্যায়ন খরচও কাটছাঁট করা হয়েছে বলে জানান রুমন।

এদিন জাতীয় সংসদে একাধিক সংশোধনীর পর ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস হয়, যা নতুন অর্থবছরের প্রথম দিন ১ জুলাই থেকে কার্যকর হবে।

বাজেট পাস উপলক্ষে এদিন সংসদে কর্মব্যস্ত সময় পার করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাজেটের মঞ্জুরি দাবির ওপর ভোট গ্রহণ প্রক্রিয়াসহ আইন প্রণয়নের বিভিন্ন কার্যক্রমেও অংশ নেন তিনি। অধিবেশনের বিরতির সময় দাফতরিক কাজ সারার পাশাপাশি জরুরি গুরুত্বপূর্ণ কিছু ফাইলেও সই করেছেন প্রধানমন্ত্রী, বলে জানান অতিরিক্ত প্রেস সচিব রুমন।

প্রধানমন্ত্রী কার্যালয়ের আপ্যায়ন খরচ কাটছাঁটের প্রসঙ্গে তিনি বলেন, শেখ হাসিনার আমলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের আপ্যায়ন খাতে প্রতিবছর গড়ে ৩০ থেকে ৫৫ কোটি টাকা ব্যয় হয়েছিল। এর বাইরেও প্রতি বছর ১০ থেকে ১২ কোটি টাকা অতিরিক্ত খরচ করা হয়েছে। যেমন ২০১৮-১৯ অর্থবছরে এই খাতে খরচ হয়েছিল ৩০ কোটি ২ লাখ ৯৭ হাজার ৩৩৫ টাকা।

তিনি জানান, আগে পর্যটন করপোরেশন প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের খাবার সরবরাহ করত, এবং বিগত সরকারের সময় ওই করপোরেশনের কাছে বিশাল অঙ্কের বকেয়া রয়ে গেছে, যা বর্তমান সরকারকে পর্যায়ক্রমে পরিশোধ করতে হচ্ছে।

রুমন বলেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর আপ্যায়ন ভাতা কাটছাঁট করেছেন। চলতি মাসে প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের আপ্যায়ন বাবদ ব্যয় হয়েছে ১১ লাখ ৬৯ টাকা। এছাড়া দুই ঈদে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের আপ্যায়নে ব্যয় হয়েছে প্রায় ৯০ লাখ টাকা।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ