আজ ইতিবাচক চিন্তা দিবস: যেভাবে নেতিবাচক ভাবনা থেকে বেরিয়ে আসবেন
জীবনের সবকিছু সব সময় নিজের ইচ্ছেমতো হবে—এমন নয়। কখনও সাফল্য আসবে, কখনও ব্যর্থতা; কখনও সামনে দাঁড়াবে হতাশা, আবার কখনও হঠাৎ ঘটে যাবে এমন কিছু, যার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। কিন্তু একটি ঘটনার চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে সেই ঘটনাকে আমরা কীভাবে দেখছি। আমাদের মানসিক অবস্থার ওপরও এর প্রভাব পড়ে। ইতিবাচক দৃষ্টিভঙ্গির এই গুরুত্ব মনে করিয়ে দিতেই প্রতি বছর পালিত হয় ইতিবাচক চিন্তা দিবস।
২০০৩ সালে যুক্তরাষ্ট্রের এক উদ্যোক্তার উদ্যোগে দিবসটির যাত্রা শুরু হয়। মানুষের মধ্যে ইতিবাচক মনোভাব সম্পর্কে সচেতনতা তৈরি করা এবং প্রতিদিনের জীবনে আশাবাদী চিন্তার চর্চা করাই এই দিবসের অন্যতম উদ্দেশ্য।
ইতিবাচক থাকা মানে জীবনের সমস্যা কিংবা বাস্তবতাকে অস্বীকার করা নয়। বরং কঠিন পরিস্থিতির মধ্যেও কীভাবে নিজেকে সামলে রাখা যায় এবং সম্ভাব্য ভালো দিকটি খুঁজে নেওয়া যায়, সেটিই এর মূল কথা। সব সময় খারাপ কিছু ঘটবে—এমন ভাবনা দুশ্চিন্তা বাড়াতে পারে। বিপরীতে আশাবাদী দৃষ্টিভঙ্গি কঠিন সময় পার হওয়ার মানসিক শক্তি জোগাতে পারে।
অনেক সময় বাস্তব ঘটনার চেয়ে সেই ঘটনা নিয়ে নিজের মনে তৈরি করা ধারণাই আমাদের বেশি অস্বস্তিতে ফেলে। ধরুন, বাইরে যাওয়ার সময় পোশাকে কফি পড়ে গেল। ঘটনাটি হয়তো সামান্য, কিন্তু তখন মনে হতে পারে সবাই আপনার দিকে তাকাচ্ছে কিংবা পুরো দিনটাই নষ্ট হয়ে গেছে। অথচ কয়েক ঘণ্টা পর হয়তো আশপাশের কেউ ঘটনাটির কথাই মনে রাখবে না। একই পরিস্থিতিকে একটু অন্যভাবে দেখার অভ্যাস করলে অযথা দুশ্চিন্তা অনেকটাই কমানো সম্ভব।
তাই নিজের চিন্তার ধরন সম্পর্কে সচেতন হওয়া জরুরি। কোনো ঘটনায় নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হলে সঙ্গে সঙ্গে সেই ভাবনায় ডুবে না গিয়ে নিজেকে প্রশ্ন করা যেতে পারে—ঘটনাটি আসলে কতটা গুরুতর? বিষয়টিকে অন্যভাবে দেখার সুযোগ আছে কি? এর কোনো ইতিবাচক দিক খুঁজে পাওয়া সম্ভব কি? এভাবে নিজের ভাবনাকে একটু দূর থেকে দেখার অভ্যাস ধীরে ধীরে গড়ে উঠতে পারে।
ইতিবাচক থাকার জন্য বড় কোনো সাফল্যের অপেক্ষা করারও দরকার নেই। দিনের ছোট্ট কোনো আনন্দ, সামান্য একটি অর্জন, পছন্দের কাজ কিংবা প্রিয় মানুষের সঙ্গে কাটানো কিছু সময়ও মন ভালো রাখার কারণ হতে পারে। দিনের শেষে ভালো লাগার কয়েকটি মুহূর্ত মনে করার অভ্যাসও মনের ওপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
নেতিবাচক চিন্তার পেছনে অনেক সময় ভয় কাজ করে। মানুষ কী ভাববে, ভুল হয়ে গেলে কী হবে, কোনো সিদ্ধান্তে ক্ষতি হবে কি না—এ ধরনের আশঙ্কা থেকেই অযথা দুশ্চিন্তা তৈরি হয়। তাই ভয়কে এড়িয়ে না গিয়ে তার কারণ বোঝার চেষ্টা করা দরকার। নিজেকে কিছুটা সময় দেওয়া, শান্ত পরিবেশে থাকা, ধ্যান করা কিংবা চোখ বন্ধ করে ধীরে ধীরে শ্বাস নেওয়ার মতো কিছু পদ্ধতি অনেকের ক্ষেত্রে মানসিক চাপ কমাতে সহায়ক হতে পারে। তবে কোন পদ্ধতি কার জন্য কার্যকর হবে, তা ব্যক্তি ও পরিস্থিতিভেদে ভিন্ন।
ইতিবাচক চিন্তার সঙ্গে শারীরিক ও মানসিক সুস্থতার সম্পর্ক নিয়েও বিভিন্ন সময়ে গবেষণা হয়েছে। কিছু গবেষণায় আশাবাদী মনোভাবের সঙ্গে কম মানসিক চাপ, বিষণ্নতার ঝুঁকি এবং হৃদ্স্বাস্থ্যের মতো বিষয়ের সম্ভাব্য সম্পর্কের কথা উঠে এসেছে। তবে ইতিবাচক চিন্তাকে কোনো রোগের চিকিৎসা হিসেবে দেখা ঠিক নয়। সুস্থ থাকার জন্য পর্যাপ্ত ঘুম, পুষ্টিকর খাবার, নিয়মিত শরীরচর্চা এবং প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নেওয়াও জরুরি।
ইতিবাচক চিন্তা দিবস পালনের জন্য আলাদা কোনো আয়োজনের প্রয়োজন নেই। দিনের শুরুতে নিজের প্রতি একটি ভালো কথা বলা যেতে পারে। কাছের মানুষের সঙ্গে কিছুটা সময় কাটানো, কারও প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা, দীর্ঘদিন ধরে পড়তে চাওয়া কোনো বই হাতে নেওয়া কিংবা কাউকে সামান্য সাহায্য করাও হতে পারে দিনের আনন্দের কারণ।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইতিবাচক চিন্তা একদিনে তৈরি হয় না। প্রতিদিনের ছোট ছোট অভ্যাসের মধ্য দিয়েই তা গড়ে ওঠে। কোনো দিন মন খারাপ হলে কিংবা সবকিছু নিজের মতো না চললে নিজেকে দোষারোপ না করে পরিস্থিতিটাকে বোঝার চেষ্টা করা যেতে পারে। সব সমস্যার তাৎক্ষণিক সমাধান হয়তো পাওয়া যাবে না, কিন্তু তার মধ্যেও সামান্য ভালো কিছু খুঁজে নেওয়ার অভ্যাস ধীরে ধীরে বদলে দিতে পারে আমাদের চিন্তার ধরন।
ইতিবাচক চিন্তা দিবসের মূল বার্তাটি তাই খুব সহজ—জীবনের সবকিছু আমাদের নিয়ন্ত্রণে না থাকলেও কোনো পরিস্থিতিকে কীভাবে দেখব, সেই সিদ্ধান্ত অনেক ক্ষেত্রেই আমাদের হাতে। কখনও একটি আশাবাদী ভাবনা, একটি আন্তরিক হাসি কিংবা ছোট্ট একটি ভালো কাজও বদলে দিতে পারে পুরো দিনের অনুভূতি।
মতামত দিন