Views Bangladesh Logo

পাকিস্তানের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতে জনপ্রিয় ব্লগার গ্রেপ্তার

পাকিস্তানি গোয়েন্দাদের কাছে সংবেদনশীল তথ্য পাচারের অভিযোগে ভারতে গ্রেপ্তার হয়েছেন জনপ্রিয় ট্রাভেল ব্লগার জ্যোতি মালহোত্রা। উত্তর ভারতের হরিয়ানা রাজ্যের হিসার জেলা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

শনিবার (১৭ মে) হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, ‘ট্র্যাভেল উইথ জো’ নামের ইউটিউব চ্যানেলের মাধ্যমে পরিচিত জ্যোতির প্রায় ৩ লাখ ৭৭ হাজার সাবস্ক্রাইবার রয়েছে। তিনি বর্তমানে পাকিস্তান-সংযুক্ত একটি গুপ্তচর চক্রের তদন্তের কেন্দ্রবিন্দুতে রয়েছেন।

ভারতের ১৯২৩ সালের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট এবং ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে পাঁচ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভারতীয় গোয়েন্দা সংস্থার দাবি, ২০২৩ সালে জ্যোতি মালহোত্রা দুইবার পাকিস্তান সফর করেন। নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনের কর্মী এহসান-উর-রহিম ওরফে দানিশের সঙ্গে তার সম্পর্ক ছিল বলে অভিযোগ। দানিশ তাকে পাকিস্তানি গোয়েন্দাদের সঙ্গে যুক্ত করেন এবং এনক্রিপ্টেড যোগাযোগ মাধ্যমে নিয়মিত যোগাযোগ রাখতেন।

তদন্ত কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, তিনি পাকিস্তানে আলী এহওয়ান, শাকির ও রানা শাহবাজ নামের অপারেটিভদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ছদ্মনাম ব্যবহার করে যোগাযোগ চালিয়ে যান। এমনকি তিনি দানিশের সঙ্গে ইন্দোনেশিয়ার বালিতেও ভ্রমণ করেন।

হিসার সিভিল লাইন থানা পুলিশ জানায়, তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার কাছ থেকে আরও তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ