রাজনৈতিক সংঘাত বনাম ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকের বক্তব্য
সম্প্রতি জাতীয় প্রেসক্লাবে দেশের কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার কিছু বক্তব্য দিয়েছেন। বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে তার ওই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গভীরভাবে ভেবে দেখার দাবি রাখে।
রাষ্ট্রদূত স্পষ্টভাবেই বলেছেন, ‘মতপ্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকার একটি গণতান্ত্রিক সমাজের অপরিহার্য উপাদান। তবে সেই স্বাধীনতার অর্থ সহিংসতা, ঘৃণা বা সংঘাত উসকে দেওয়ার অবাধ লাইসেন্স নয়।’ তার বক্তব্যে এটা স্পষ্ট হয়, রাজনৈতিক দলগুলো তাদের মতো করে স্বাধীনভাবে কর্মসূচি পালন করবে। কিন্তু সহিংসতার পথ পরিহার করতে হবে। প্রশ্ন হলো, বাংলাদেশে কি সব রাজনৈতিক দল, মত এবং সংগঠনের জন্য এই নীতির সমান প্রয়োগ নিশ্চিত করা হচ্ছে? অতীতেও কি কখনো তা পুরোপুরি নিশ্চিত ছিল?
মিলার আরও বলেছেন, রাজনৈতিক রূপান্তর রাতারাতি ঘটে না; এর জন্য দীর্ঘমেয়াদি সংস্কার, রাজনৈতিক ঐকমত্য এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনা প্রয়োজন। তিনি অতীতের মানবাধিকার লঙ্ঘনের ঘটনার জবাবদিহি ও ন্যায়বিচারের ওপরও জোর দিয়েছেন। অর্থাৎ, কেবল রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনই গণতান্ত্রিক পরিবর্তনের প্রমাণ হতে পারে না।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, রাষ্ট্রদূত বলেছেন, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা বা অনুমতি দেওয়ার প্রশ্নে ইউরোপীয় ইউনিয়নের কোনো প্রাতিষ্ঠানিক অবস্থান নেই। বিষয়টি লক্ষণীয়। কারণ কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ রাখা বা রাজনৈতিক কর্মকাণ্ডের অধিকার থেকে বঞ্চিত করা কেবল ক্ষমতাসীনদের রাজনৈতিক সিদ্ধান্তের ওপর ছেড়ে দেওয়া যায় না; এর সঙ্গে আইনের শাসন, সাংবিধানিক অধিকার ও ন্যায়বিচারের প্রশ্ন জড়িত।
এখানে সরকারের প্রতি একটি মৌলিক প্রশ্ন থেকেই যায়: সহিংসতার বিরুদ্ধে শূন্য সহনশীলতার অবস্থান যদি নীতিগত হয়, তবে তা সব পক্ষের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য হওয়া প্রয়োজন। সেটা কি হচ্ছে? না হলে কেন নয়? রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কারও অপরাধ আড়াল করা, কিংবা কারও শান্তিপূর্ণ রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া, কোনোটিই গণতন্ত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সরকারের এটা অনুধাবন করা প্রয়োজন, রাষ্ট্র কোনো রাজনৈতিক দলের ব্যক্তিগত সম্পত্তি নয়। রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে ভিন্নমত দমন করা, রাজনৈতিক প্রতিপক্ষকে ভয় দেখানো বা দলীয় স্বার্থে প্রশাসনকে ব্যবহার করার অধিকার কোনো সরকারের নেই। কিন্তু বাংলাদেশে এটা দীর্ঘদিন ধরে চলে এসেছে। বিষয়টি রাজনৈতিক সংস্কৃতির অংশ হয়ে দাঁড়িয়েছে।
এই প্রেক্ষাপটে গত ১৮ নভেম্বর জাতীয় সংসদের সমাপনী অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য বিশেষভাবে লক্ষণীয়। তিনি আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ আখ্যা দিয়েছেন এবং মন্তব্য করেছেন, দলটি আবার মাথা তুলে দাঁড়ানোর আগেই এর মাথা ‘গুঁড়িয়ে দেওয়া’ উচিত। এই বক্তব্য একজন সরকারপ্রধানের দায়িত্বশীল রাজনৈতিক ভাষার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ, তা বিবেচনা করার দাবি রাখে। যেকোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে অপরাধ সংঘটনের অভিযোগ থাকলে আদালতে তার বিচার হবে। কিন্তু একটি রাজনৈতিক দল ও এর সমর্থকদের লক্ষ্য করে এমন প্রতিহিংসামূলক ভাষা কি রাজনৈতিক সহনশীলতার পরিবেশ তৈরি করে, নাকি সংঘাতকে আরও উসকে দেয়? প্রধানমন্ত্রী যখন মহান জাতীয় সংসদের মতো জায়গায় দাঁড়িয়ে এই বক্তব্য দেন, তখন এর তাৎপর্য আরও অনেক বেশি। রাজপথে অনেকে অনেক রাজনৈতিক বক্তব্য দিয়ে থাকেন। কিন্তু সংসদ আর রাজপথ তো এক জায়গা নয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি অনুরোধ, আপনি এখন কেবল বিএনপির চেয়ারপারসন নন, আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। তাই আপনার দায়িত্ব প্রতিপক্ষকে নির্মূল করার হুমকি দেওয়া নয়, বরং রাষ্ট্রের প্রতিটি নাগরিকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা। সবার মনে রাখা দরকার, রাষ্ট্র পরিচালনা আর দল পরিচালনা এক নয়। ক্ষমতার দম্ভে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করা যায়, কিন্তু জনগণের আস্থা অর্জন করা যায় না। এটি কোনো রাজনৈতিক দলের জন্যই শুভ ফল বয়ে আনে না, যা আমরা নিকট অতীতে আওয়ামী লীগের ক্ষেত্রেও দেখেছি। তবে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ কোনো ব্যক্তির ব্যক্তিগত ইচ্ছার বিষয় নয়; এটি সংবিধান, আইন এবং জনগণের রাজনৈতিক অধিকারের ভিত্তিতে নির্ধারিত হওয়া উচিত। সরকার যদি সত্যিকার অর্থে গণতন্ত্র, সংস্কার এবং আইনের শাসনে বিশ্বাস করে, তবে আওয়ামী লীগসহ সব রাজনৈতিক দলের শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডের সাংবিধানিক অধিকার নিশ্চিত করা প্রয়োজন। কিন্তু দেখা যাচ্ছে, বিগত আওয়ামী লীগের আমলে যে দলগুলো আওয়ামী লীগের সঙ্গে জোট করেছিল, সেসব দল কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারছে না। দু-একটি দল চেষ্টা করলেও এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে তারা নতুন কোনো কর্মসূচি দেওয়ার সাহস আর দেখাতে পারছে না। সবার মনে রাখা দরকার, অপরাধের বিচার হতে হবে প্রমাণের ভিত্তিতে, রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নয়।
সুতরাং ইইউ রাষ্ট্রদূতের বক্তব্যের মূল বার্তাটি স্পষ্ট। গণতন্ত্র মানে কেবল নির্বাচন নয়; গণতন্ত্র মানে ভিন্নমতের নিরাপত্তা, রাজনৈতিক সহনশীলতা, আইনের সমান প্রয়োগ এবং প্রতিটি নাগরিকের মর্যাদা ও অধিকার নিশ্চিত করা। গণতন্ত্রের পরীক্ষা প্রতিপক্ষকে দমন করার সক্ষমতায় নয়, বরং প্রতিপক্ষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার রাজনৈতিক সদিচ্ছায় নিহিত। ক্ষমতা অস্থায়ী, কিন্তু রাষ্ট্রের কাছে জনগণের অধিকার চিরস্থায়ী।
অমিতোষ পাল: বিশেষ প্রতিনিধি, দৈনিক সমকাল
মতামত দিন