পুলিশের গাড়িতে আগুন, মিরপুরে বন্ধ ৩ মেট্রোরেল স্টেশন
রাজধানীর মিরপুর এলাকায় পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।
এদিকে, এই সংঘর্ষের ঘটনায় মেট্রোরেলের তিনটি স্টেশন বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
রোববার (১ নভেম্বর) দুপুর ১২টার দিকে সংঘর্ষের পর থেকে মিরপুর-১০, মিরপুর-১১ ও পল্লবী স্টেশনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
মেট্রোরেল পুলিশের (এমআরটি পুলিশ) অপারেশন বিভাগের পরিদর্শক মো. মহসীন শেখ এ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, সংঘর্ষ চলাকালীন মিরপুর ১১ এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন দেয়া হয়েছে।
আগুন নেভাতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে রওনা হয়েছে বলে জানান ডিউটি অফিসার হামিদুর রহমান।
তৈরি পোশাক খাতে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধ এবং ছাঁটাই হওয়া শ্রমিকদের পুনর্নিয়োগের দাবিতে কয়েক দিন ধরে আন্দোলন করছেন পোশাকশ্রমিকরা। রোববার রাজধানীর মিরপুর ও গাজীপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তাঁরা। মিরপুরে শ্রমিকদের সড়ক থেকে সরানোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়।
এর আগের দিন শনিবারও মিরপুর, সাভার ও গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ এবং বিভিন্ন কারখানা ও মার্কেটে ভাঙচুরের ঘটনা ঘটে। এসব ঘটনায় পুলিশ সদস্যসহ অন্তত ১৫ জন আহত হন।
মতামত দিন