Views Bangladesh Logo

জঙ্গি সন্দেহে আটক ২৩ জনের মধ্যে ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

রাজধানীর তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি সম্পৃক্ততার সন্দেহে আটক ২৩ জনের মধ্যে ১১ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ। বাকি ১২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের হেফাজতে নেওয়া হয়েছে।

শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তিনি জানান, আটক ব্যক্তিদের বিষয়ে যাচাই-বাছাই শেষে ১১ জনকে মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্য ১২ জনকে সিটিটিসির হেফাজতে নেওয়া হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।

এর আগে শুক্রবার জুমার নামাজের পর তেজগাঁও কলেজের মসজিদে গোপন বৈঠক করার সময় ২৩ জনকে আটক করে পুলিশ। নিষিদ্ধ একটি জঙ্গি সংগঠনের সঙ্গে তাদের সম্পৃক্ততার সন্দেহে ওই অভিযান চালানো হয়।

পুলিশের তেজগাঁও বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, নিষিদ্ধ একটি জঙ্গি সংগঠনের সদস্যরা রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এসে তেজগাঁও কলেজের মসজিদে একত্রিত হতে পারেন। ওই তথ্যের ভিত্তিতেই মসজিদে অভিযান চালানো হয় এবং সেখান থেকে ২৩ জনকে আটক করা হয়।

তবে আটক ব্যক্তিরা একই সংগঠনের সদস্য কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি বলে জানান ওই কর্মকর্তা। তাদের পরিচয়, কর্মকাণ্ড ও সম্ভাব্য সাংগঠনিক সম্পৃক্ততা যাচাই করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই মূলত তাদের আটক করা হয়েছিল। যাচাই-বাছাই ও জিজ্ঞাসাবাদ শেষে তদন্তের ভিত্তিতে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ