Views Bangladesh Logo

গুলিস্তানে জাসদের কার্যালয়ে পুলিশের অভিযান, আটক অর্ধশতাধিক

রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে গুলিস্তানের জিপিও মোড় এলাকায় জাসদের প্রধান কার্যালয় থেকে তাদের আটক করা হয়।

ডিএমপির একটি সূত্র জানিয়েছে, নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে গুলিস্তান এলাকা থেকে অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই করা হচ্ছে।

পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কয়েকজনকে থানায় আনা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ ও পরিচয় যাচাই করা হচ্ছে। যাচাই শেষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. আক্তার হোসেন বলেন, জাসদের প্রধান কার্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হচ্ছিল এবং সেখানে অনেক বহিরাগত ব্যক্তি উপস্থিত ছিলেন। এ সময় সেখানে একটি সভাও চলছিল। এমন সন্দেহের ভিত্তিতে অপরাধ ও গোয়েন্দা পুলিশের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, এরই মধ্যে অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করে পল্টন থানায় নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। অভিযান এখনো চলছে। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য এবং অন্যান্য তথ্য বিশ্লেষণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ