Views Bangladesh Logo

বিক্ষোভ থেকে রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশকে গাড়িতে তুলল পুলিশ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছেন বিরোধী দলের শীর্ষ নেতারা। মঙ্গলবার (২১ জুলাই) কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে দলটির নেতাকর্মীরা নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মিছিল নিয়ে গেলে পুলিশ তাদের সরিয়ে দেয়।

পরে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবসহ বিরোধী দলের আরও কয়েকজন নেতা বিক্ষোভে যোগ দেন। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে পুলিশ রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, অখিলেশ যাদবসহ অন্য বিক্ষোভকারীদের সেখান থেকে সরিয়ে গাড়িতে তুলে নিয়ে যায়।

ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষা ‘নিট’সহ বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের পদক্ষেপের প্রতিবাদে এই কর্মসূচি পালন করে কংগ্রেস। এর আগে সোমবার ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) নেতৃত্বাধীন একটি মিছিল সংসদের দিকে এগিয়ে গেলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। এ সময় পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করে বলে অভিযোগ করেছে কংগ্রেস।

প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধী রাস্তায় বসে পড়েন এবং সরে যেতে অস্বীকৃতি জানান। পরে কয়েকজন পুলিশ সদস্য তাকে ঘিরে ধরে গাড়িতে তুলে নিয়ে যান।

ঘটনার পর পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। বিজেপির অভিযোগ, কংগ্রেসের কর্মসূচির কারণে প্রধানমন্ত্রীর নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে। তবে কংগ্রেস দাবি করেছে, তাদের কর্মসূচি ছিল শান্তিপূর্ণ।

এদিকে সোমবারের সংঘর্ষ নিয়ে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ অব্যাহত রয়েছে। সিজেপির দাবি, পুলিশের লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসে বহু বিক্ষোভকারী আহত হয়েছেন। অন্যদিকে দিল্লি পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীরা পাথর নিক্ষেপ, গাড়ি ভাঙচুর ও সহিংসতায় জড়িয়েছিলেন। পুলিশের দাবি, সংঘর্ষে তাদের ১১৮ জন সদস্য আহত হয়েছেন।

প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে ভারতের সংসদেও উত্তেজনা চলছে। বর্ষাকালীন অধিবেশনের প্রথম দুই দিনই নির্ধারিত সময়ের আগেই সংসদ মুলতবি হয়ে যায়। বিরোধীদের অভিযোগ, তাদের আলোচনার সুযোগ দেওয়া হচ্ছে না।

অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, নিট প্রশ্নপত্র ফাঁসের মতো ঘটনা প্রতিরোধ করা জাতীয় দায়িত্ব। তার সরকার অভিযোগ পাওয়ার পর দ্রুত ব্যবস্থা নিয়েছে এবং জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে বলেও দাবি করেছেন তিনি। তবে বিরোধীদের আন্দোলন ও সরকারের পাল্টা অবস্থানের কারণে এ ইস্যুতে ভারতের রাজনৈতিক উত্তেজনা আরও বাড়ছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ