Views Bangladesh Logo

সবুজবাগে পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর সবুজবাগে এক পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নিলুফার ইয়াসমিনের (২৯) পরিবারের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন।

রোববার (২৮ জুন) সকালে দক্ষিণগাঁও শাহীবাগ এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিলুফার ইয়াসমিনের স্বামী আনোয়ার হোসেন পুলিশের উপপরিদর্শক (এসআই) হিসেবে গাজীপুর মেট্রোপলিটন পুলিশে কর্মরত। প্রায় ১৪ বছর আগে তাদের বিয়ে হয়। তাদের ১০ বছর বয়সী এক ছেলে ও সাত বছর বয়সী এক মেয়ে রয়েছে।

সবুজবাগ থানা পুলিশ জানায়, ভোরে স্বামী-স্ত্রীর মধ্যে কথা হয়। পরে আনোয়ার হোসেন বারবার ফোন করলেও স্ত্রীকে না পেয়ে বিষয়টি থানায় জানান। খবর পেয়ে সবুজবাগ থানার এসআই ফাতেমা ঘটনাস্থলে গিয়ে বাসার দরজা ভেতর থেকে বন্ধ অবস্থায় পান। পরে দরজা খুলে ঘরের ভেতর সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় নিলুফারের মরদেহ উদ্ধার করা হয়।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভোর সাড়ে ৪টা থেকে সকাল সাড়ে ৮টার মধ্যে যেকোনো সময় তিনি ফাঁস দেন।

নিহতের এক খালাতো ভাই জানান, নিলুফার দক্ষিণগাঁও শাহীবাগ এলাকায় মেয়েকে নিয়ে থাকতেন। তাদের ছেলে একটি আবাসিক মাদ্রাসায় পড়াশোনা করে।

পুলিশ জানায়, স্বামী আনোয়ার হোসেনের ভাষ্য অনুযায়ী, নিলুফার বিভিন্ন বিষয় নিয়ে সহজেই মানসিক দুশ্চিন্তায় ভুগতেন। বিশেষ করে ছেলের লেখাপড়া নিয়ে তিনি উদ্বিগ্ন ছিলেন। এ কারণে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে স্বামীর ধারণা।

তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করছে পুলিশ।

নিলুফারের গ্রামের বাড়ি কুড়িগ্রামের রৌমারী উপজেলার বিক্রবিল গ্রামে। তার বাবা নুর ইসলাম।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ