সরকারবিরোধী ষড়যন্ত্রে জড়িত পুলিশ কর্মকর্তাদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি
সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত পুলিশ কর্মকর্তাদের চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে ঢাকার রাজারবাগ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে এক বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে তিনি এ কথা জানান।
আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশের এক শতাংশেরও কম কর্মকর্তা অসৎ। তাদের কেউ কেউ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। এসব কর্মকর্তাকে চিহ্নিত করা হয়েছে।
তিনি আরও বলেন, একইভাবে সরকারের বিরুদ্ধে মনগড়া ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে দিচ্ছেন কিছু সাংবাদিক ও কনটেন্ট নির্মাতা।
শিশু নিখোঁজের ঘটনা প্রসঙ্গে আলী হোসেন ফকির বলেন, দেশে আগেও শিশু নিখোঁজের ঘটনা ঘটেছে। তবে বর্তমানে বিষয়টি গণমাধ্যমে বেশি প্রচার হচ্ছে। বাংলাদেশ পুলিশ এটিকে ষড়যন্ত্র হিসেবে দেখছে। নিখোঁজ শিশুদের ৮৭ শতাংশেরই সন্ধান পাওয়া গেছে।
এর আগে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত অপর এক বৃক্ষরোপণ কর্মসূচিতে আইজিপি বলেন, একাধিকবার গ্রেপ্তারের পরও আইনের ফাঁকফোকরের কারণে মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীদের দীর্ঘ সময় কারাগারে রাখা যাচ্ছে না। রাজধানী ঢাকায় কিশোর অপরাধ ভয়াবহ আকার ধারণ করার এটাও একটা কারণ।
মতামত দিন