ধানমন্ডিতে সংস্কৃতিকর্মীদের মানববন্ধনে পুলিশের বাধা, আটক দীপক শীল
রাজধানীর ধানমন্ডিতে শিল্পী ও সংস্কৃতিকর্মীদের মানববন্ধনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এ সময় ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
দেশের বিভিন্ন স্থানে বাউল গানসহ সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা দেওয়ার প্রতিবাদে সোমবার (২৬ অক্টোবর) বিকেলে এ মানববন্ধনের আয়োজন করা হয়। ‘প্রতিবাদী শিল্পী জনতা’র ব্যানারে আয়োজিত কর্মসূচিতে অংশ নিতে ধানমন্ডির ২৭ নম্বর সড়কে মীনা বাজারের সামনে জড়ো হন সংস্কৃতিকর্মী ও শিল্পীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, মানববন্ধন চলাকালে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে দীপক শীলকে পুলিশ ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়।
মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন বলেন, সেখানে পরিস্থিতি বেশ উত্তেজনাকর ছিল। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দীপক শীলকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।
কর্মসূচিতে অংশ নিতে বিকেলে ঘটনাস্থলে উপস্থিত হন অভিনেত্রী সুমনা সোমা, নাট্যকর্মী এহসানুল আজিজ বাবু ও ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলসহ বেশ কয়েকজন।
ঘটনার বর্ণনা দিয়ে অভিনেত্রী সুমনা সোমা বলেন, ‘দেশজুড়ে বাউলদের ওপর হামলা ও সাংস্কৃতিক আয়োজনে বাধা দেওয়ার প্রতিবাদ জানাতে আমরা এখানে এসেছি। কিন্তু পুলিশের এক সদস্য এসে আমাদের বলেন, জয় বাংলা স্লোগান দেওয়া যাবে না। আমরা এর প্রতিবাদ জানালে পুলিশ দীপককে ধরে নিয়ে যায়।’
তিনি আরও বলেন, ‘জয় বাংলা স্লোগান বাঙালির অস্তিত্বের ও আমাদের স্বাধীনতা সংগ্রামের অর্জন। এই স্লোগান আমরা দেবই, তা কেউ থামাতে পারবে না।’
মতামত দিন