Views Bangladesh Logo

এইচআরসিপির প্রতিবেদন

পাঞ্জাবে ৮ মাসে ৯২৪ জনকে হত্যা করেছে পুলিশ

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে গত বছরের এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত আট মাসে অন্তত ৯২৪ জনকে হত্যা করেছে পুলিশ—এমন অভিযোগ উঠেছে দেশটির শীর্ষ মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস কমিশন অব পাকিস্তান (এইচআরসিপি)-এর প্রতিবেদনে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়, বড় ও সংগঠিত অপরাধ দমনের লক্ষ্যে ২০২৫ সালের এপ্রিলে পাঞ্জাবে ‘ক্রাইম কন্ট্রোল ডিপার্টমেন্ট’ (সিসিডি) গঠন করা হয়। এই ইউনিট গঠনের পর থেকে অন্তত ৬৭০টি তথাকথিত ‘এনকাউন্টার’-এ ৯২৪ জন সন্দেহভাজন নিহত হয়েছেন বলে দাবি করেছে এইচআরসিপি।

বাহাওয়ালপুরের এক পরিবারের অভিযোগ
গত বছরের নভেম্বরে দক্ষিণ পাঞ্জাবের বাহাওয়ালপুরে জুবাইদা বিবির পরিবারের পাঁচ সদস্য নিহত হন। জুবাইদা অভিযোগ করেন, সিসিডির সশস্ত্র সদস্যরা তাদের বাড়িতে হানা দিয়ে নগদ অর্থ, মোবাইল ফোন, স্বর্ণালংকার ও মেয়ের যৌতুকের টাকা লুট করে নেয়। একই সঙ্গে তার ছেলেদেরও তুলে নিয়ে যায়।

আল জাজিরা-এর প্রতিবেদনে বলা হয়, তুলে নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই জুবাইদার তিন ছেলে—ইমরান (২৫), ইরফান (২৩) ও আদনান (১৮)—এবং দুই জামাতাকে পৃথক ‘পুলিশ এনকাউন্টার’-এ হত্যা করা হয়।

জুবাইদা দাবি করেন, তারা লাহোর পর্যন্ত গিয়ে সন্তানদের মুক্তির জন্য অনুরোধ করেছিলেন। কিন্তু পরদিন সকালে পাঁচজনের মৃত্যুর খবর পান। পরে আদালতে মামলা করলে পুলিশ মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেয় বলেও অভিযোগ করেন তিনি।

নিহতদের বাবা আবদুল জব্বার বলেন, তার ছেলেদের কারও বিরুদ্ধে কোনো অপরাধের রেকর্ড ছিল না; তারা সবাই বিবাহিত ও কর্মজীবী ছিলেন।

‘পরিকল্পিত বিচারবহির্ভূত হত্যাকাণ্ড’ অভিযোগ
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনে হিউম্যান রাইটস কমিশন অব পাকিস্তান বলেছে, পাঞ্জাবের সিসিডি আইন ও সংবিধান লঙ্ঘন করে পরিকল্পিতভাবে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চালাচ্ছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফ-এর অধীনে সিসিডি গঠন করা হয়েছে। তিনি সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ-এর মেয়ে এবং বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ-এর ভাইঝি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ