মুগদার মাথাবিহীন সাত টুকরা লাশের পরিচয় শনাক্ত
রাজধানীর মুগদার মান্ডা এলাকা থেকে উদ্ধার হওয়া মাথাবিহীন সাত টুকরা লাশের পরিচয় শনাক্ত করেছে পুলিশ।
নিহত ব্যক্তির নাম মোকাররম মিয়া। তিনি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোরহাব মিয়ার ছেলে।
মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহ এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।
এর আগে গত রোববার (১৭ মে) বিকেলে মান্ডার আবদুল গনি রোড এলাকার ‘শাহনাজ ভিলা’র বেজমেন্টের নিচ থেকে মোকাররম মিয়ার অর্ধগলিত লাশের সাতটি খণ্ডিত অংশ উদ্ধার করা হয়। পলিথিনে মোড়ানো অবস্থায় খণ্ডগুলো উদ্ধারের পর ওই দিন মধ্যরাতে মুগদার পূর্ব মানিকনগর এলাকার একটি গলি থেকে নিহতের মাথাটি উদ্ধার করে পুলিশ।
এ ব্যাপারে মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) আবু রায়হান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা মোকাররম মিয়াকে হত্যার পর হাত-পাসহ শরীর সাত টুকরা করে সেখানে ফেলে যায়।
তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ খণ্ডিত অংশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে