মিরপুরে রুটি চুরির অভিযোগে পথশিশুকে মারধর, নিরাপত্তাকর্মী আটক
রাজধানীর মিরপুরে রুটি চুরির অভিযোগে এক পথশিশুকে মারধরের ঘটনায় মার্কেটের এক নিরাপত্তাকর্মীকে আটক করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে মারধরের ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হলে পুলিশ ওই ব্যক্তিকে আটক করে।
আটক নিরাপত্তাকর্মীর নাম রিপন মণ্ডল।পুলিশ জানিয়েছে, তিনি রোববার থেকে একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সেখান থেকেই তাকে আটক করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দারুস সালাম জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) সালেহ মুহম্মদ জাকারিয়া।
তিনি জানান, রোববারই রিপন মণ্ডল অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। পরে সেখান থেকেই তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। অসুস্থতার কারণে তাকে তাৎক্ষণিকভাবে থানায় নেওয়া হয়নি।
পুলিশের এই কর্মকর্তা বলেন, চিকিৎসা শেষে সুস্থ হলে রিপন মণ্ডলকে থানায় সোপর্দ করা হবে। এরপর ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে এক পথশিশুকে মারধরের দৃশ্য দেখা যায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি নিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও যাচাই করা হচ্ছে। তদন্তের পর ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
মতামত দিন