গান গাইতে গাইতে মাদকবিরোধী অভিযান, ৭ জন গ্রেপ্তার
আইয়ুব বাচ্চুর গান গাইতে গাইতে মাদকসেবীদের হাতে হাতকড়া পরিয়ে দিল পুলিশ। রাজধানীর শাহবাগ থানার এই ব্যতিক্রমী অভিযানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
বুধবার সন্ধ্যায় সোহরাওয়ার্দী উদ্যানে সাদা পোশাকে এই অভিযান চালানো হয়। মাদকদ্রব্যসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার এন এম নাসিরুদ্দিন জানান।
শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, সোহরাওয়ার্দী উদ্যানে নিয়মিত অভিযান চালালেও পুলিশের উপস্থিতি টের পেলেই মাদক কারবারি ও সেবনকারীরা পালিয়ে যায়। এবার নতুন কৌশলের কথা ভাবা হয়। পরিদর্শক (অপারেশন) খোকন মিয়ার নেতৃত্বে ১০ জনের একটি দল গান গাইতে গাইতে উদ্যানের ভেতর ঘোরাফেরা করতে থাকে। এভাবে মাদকসেবীদের কাছাকাছি পৌঁছে তাদের আটক করা হয়। গান চলতে থাকায় অন্যরা প্রথমে বুঝতেই পারেননি কী ঘটছে।
ভিডিওতে গিটার বাজাতে দেখা যাওয়া কনস্টেবল মামুনসহ অভিযানকারী দলের কেউই আসলে সংগীতের সঙ্গে যুক্ত নন। বেসুরো গান আর বেতালে গিটার বাজিয়েই চলে এই অভিযান।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে