Views Bangladesh Logo

৭ দফা দাবিতে মহাখালী-তেজগাঁও সড়কে অবস্থানরত শ্রমিকদের সরিয়ে দিলো পুলিশ

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় বেতনের দাবিতে সড়ক অবরোধ করা নাসা গ্রুপের শ্রমিকদের সরিয়ে দিয়েছে পুলিশ। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান।

এর আগে, বকেয়া বেতন ও অর্জিত ছুটির অর্থসহ ৭ দফা দাবিতে রাজধানী ঢাকার মহাখালী-তেজগাঁও সংযোগ সড়ক অবরোধ করেন নাসা গ্রুপের শ্রমিকরা। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও অফিসগামী মানুষ।

ওই পোশাক কারখানার শ্রমিকরা আজ সকাল থেকে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন। এর ফলে সড়কটির দুই পাশে সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ায় আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পুলিশ তাদের সরিয়ে দেওয়ায় যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।

এখন পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী, ২০২৫ সালের ছুটির টাকা এবং নোটিশ পে-বিলসহ বিভিন্ন পাওনা দ্রুত পরিশোধের দাবি জানিয়েছেন আন্দোলনরত শ্রমিকরা। তাদের দাবিগুলো হলো—
১. চলতি বছরের মে মাসের বকেয়া বেতন অবিলম্বে পরিশোধ করতে হবে;
২. ২০২৫ সালের অর্জিত ছুটির টাকা প্রদান করতে হবে;
৩. ডিসেম্বর-২০২৫ এর বকেয়া এরিয়ার টাকা বুঝিয়ে দিতে হবে;
৪. নোটিশ পে-বিল পরিশোধ করতে হবে;
৫. প্রচলিত শ্রম আইন অনুযায়ী পরবর্তী ৪ মাস তথা ১২০ দিনের বেতন-ভাতা অগ্রিম পরিশোধ করতে হবে;
৬. শ্রম আইন অনুসরণ করে সব শ্রমিক-কর্মচারীর সার্ভিস বেনিফিট ১০০ শতাংশ পরিশোধ করতে হবে; এবং
৭. শ্রমিক-কর্মচারীদের প্রাপ্য বুঝিয়ে দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের হয়রানি (যেমন: পুলিশি মামলা, হুমকি, ভয়ভীতি প্রদর্শন কিংবা শারীরিক ও মানসিক অত্যাচার) করা থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে বলে জানা গেছে।

তেজগাঁও শিল্পাঞ্চল থানা-পুলিশ জানায়, বকেয়া বেতনসহ নানা দাবিতে শ্রমিকেরা লাভ রোডসংলগ্ন প্রধান সড়কে নেমে আসেন। তারা সড়কের ওপর অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করলে সংশ্লিষ্ট সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে আশপাশের সড়কেও যানজট ছড়িয়ে পড়ে। সকাল ১০টার পরে তারা সড়কে বসে পড়ে, ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়। আমরা তাদের বোঝানোর পর ১২টা ২০ মিনিটের দিকে তাদের সড়ক থেকে তুলে দেওয়া হয়। পুলিশি পাহারায় তারা যাবে এখন শ্রম মন্ত্রণালয়ে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ