মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর মিরপুরে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা।
রোববার (১ নভেম্বর) সকাল থেকে মিরপুরের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন তারা। শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৮টার দিকে শ্রমিকরা মিরপুর-১০ গোলচত্বর ও মিরপুর-১১ নম্বর এলাকার প্রধান সড়কগুলোতে অবস্থান নেন। এতে ওই এলাকার গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় তীব্র যানজট। ভোগান্তিতে পড়েন কর্মজীবী মানুষ, শিক্ষার্থীসহ সাধারণ যাত্রীরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, সকাল থেকেই মিরপুর-১০, ১১ ও ১২ নম্বরসহ আশপাশের এলাকায় শ্রমিকরা সড়কে নেমে বিক্ষোভ করছেন। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিতে পুলিশ কাজ করছে।
মতামত দিন