ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ, ভিউজ বাংলাদেশের সাংবাদিক আহত
রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় ইনকিলাব মঞ্চের কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর লাঠিচার্জের ঘটনা ঘটেছে। এতে ভিউজ বাংলাদেশের মাল্টিমিডিয়া রিপোর্টার সুদেব কুমার বিশ্বাস আহত হয়েছেন।
শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে এ ঘটনা ঘটে।
সুদেব কুমার বিশ্বাস বলেন, আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছিল। আমিসহ আরও কয়েকজন সাংবাদিক লাইভ করছিলাম। তখন পুলিশ আমাদের ওপর হামলা চালায়। এতে ৫-৬ জন সাংবাদিক আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইনকিলাব মঞ্চের কর্মসূচি ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করে। এ সময় ঘটনাস্থলে সংবাদ সংগ্রহে থাকা সাংবাদিকরাও পুলিশের লাঠিচার্জের শিকার হন।
আহত সাংবাদিকদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এদিকে সংঘর্ষের ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করেছে সংগঠনটি। ইনকিলাব মঞ্চের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, ‘জাবের ভাই গুলিবিদ্ধ।’ একই পোস্টে পুলিশের বলপ্রয়োগের অভিযোগও তোলা হয়।
সংগঠনটির দাবি অনুযায়ী, যমুনা অভিমুখে যাওয়ার সময় পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগোতে গেলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় পুলিশের ছোড়া গুলিতে আব্দুল্লাহ আল জাবের আহত হন।
এ ছাড়া আব্দুল্লাহ আল জাবেরের ফেসবুক আইডি থেকেও শতাধিক আন্দোলনকারী আহত হওয়ার দাবি করা হয়। সেখানে আপাতত শান্ত থাকার আহ্বান জানিয়ে বলা হয়, ‘চিকিৎসা শেষে পুনরায় রাজপথে কর্মসূচি দেওয়া হবে।’
ঘটনার সময় সাংবাদিকদের ওপর হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে