Views Bangladesh Logo

‘নরকে’ যাওয়ার ৬৬৬ নম্বর বাস ফিরছে পোল্যান্ডে!

ইংরেজি ‘হেল’ শব্দটি শুনলেই মনে আসে নরকের কথা; কিংবা পশ্চিমা স্ল্যাং ‘গো টু হেল’-এর কথা। মজার ব্যাপার হলো, পোল্যান্ডে একটি জনপ্রিয় পর্যটন শহরের নামই ‘হেল’ (Hel)।

বানানে সামান্য পার্থক্য থাকলেও নামটি নিয়ে রসিকতা থামেনি। সমুদ্রসৈকতঘেরা এই শহরে যাতায়াতকারী বাসের নম্বরও আবার ‘৬৬৬’। বাইবেলে ৬৬৬-কে বলা হয় ‘দ্য নাম্বার অব দ্য বিস্ট’ বা ‘পশুর সংখ্যা’, যা অনেক খ্রিষ্টান শয়তানের প্রতীক হিসেবে ব্যাখ্যা করেন। ফলে অনেকের কাছে বিষয়টি যেন ‘শয়তানের বাসে চড়ে নরকে যাওয়ার’ মতোই।

বছর তিনেক আগে খ্রিষ্টান ধর্মীয় গোষ্ঠীগুলোর আপত্তির মুখে সংখ্যাটি বদলাতে বাধ্য হয়েছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে এবারের গ্রীষ্মে আবারও সেই বিতর্কিত নম্বরের বাস ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছে পরিবহন প্রতিষ্ঠান ফ্লিক্সবাস।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, পোল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম ও অন্যতম প্রাচীন শহর ক্র্যাকভ থেকে প্রায় সাড়ে ৬০০ কিলোমিটার দূরে বাল্টিক সাগর উপকূলের পর্যটন-সমৃদ্ধ হেল উপদ্বীপ পর্যন্ত চলবে বাসটি। ফ্লিক্সবাসের এক মুখপাত্র সিএনএনের সহযোগী সংবাদমাধ্যম টিভিএন২৪-কে জানান, রুটটির প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণ এবং উপকূলের এই জনপ্রিয় গন্তব্যে নতুন পর্যটক টানাই তাদের লক্ষ্য। তিনি স্বীকার করেন, বিপণন কৌশলের অংশ হিসেবেই ৬৬৬ নম্বরটি বেছে নেওয়া হয়েছে।

নতুন এই সেবা গ্রীষ্মজুড়ে দিনে একবার চলবে। ক্র্যাকভ থেকে রওনা দিয়ে রাজধানী ওয়ারশ হয়ে উপকূলীয় কয়েকটি শহরে থেমে বাসটি পৌঁছাবে দেশটির উত্তরাঞ্চলের হেল উপদ্বীপে। স্বচ্ছ পানি ও দীর্ঘ বালুকাবেলার জন্য বাল্টিক সাগরের বুকে এই সরু উপদ্বীপ গ্রীষ্মে পর্যটকদের কাছে দারুণ জনপ্রিয়।


এর আগে স্থানীয় পরিবহন প্রতিষ্ঠান পিকেএস গদিনিয়া এই রুটে ৬৬৬ নম্বরের বাস চালাত। তবে সংখ্যাটির সঙ্গে শয়তানের প্রতীকী অর্থ জড়িয়ে থাকার অভিযোগে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের অনেকে আপত্তি জানালে ২০২৩ সালে রুটটির নম্বর বদলে ৬৬৯ করা হয়েছিল।

নাম ও নম্বর ঘিরে বিতর্ক থাকলেও হেল এখনো পোল্যান্ডের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য। শহরটির নাম বদলায়নি, বদলানোর কোনো আবেদনের কথাও শোনা যায়নি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ