Views Bangladesh Logo

পদত্যাগ করলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়

প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টার দায়িত্ব থেকে ইস্তফা দিয়েছেন তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়। বুধবার (২৯ নভেম্বর) প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব-১ এম এম ইমরুল কায়েস এ তথ্য নিশ্চিত করে বলেন, 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী কর্তৃক তাঁর পদত্যাগপত্র গৃহীত হয়েছে।'

এর আগে গত ১৯ নভেম্বর সরকারের দুজন মন্ত্রী, একজন প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর তিন উপদেষ্টা তাদের পদত্যাগপত্র জমা দেন। তাঁরা হলেন- বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম। তাঁরা টেকনোক্র্যাট হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

প্রধানমন্ত্রীর তিন উপদেষ্টার মধ্যে ছিলেন অর্থনীতি বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী।

এর আগে গত ২০ নভেম্বর মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেছিলেন, 'উপদেষ্টা হিসেবে সজীব ওয়াজেদ জয়ের নিয়োগ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া হয়েছে। ওনার নিয়োগ পুরোটাই অবৈতনিক। উনি তো কোনো সুযোগ-সুবিধা গ্রহণ করেন না। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে যাদের নিয়োগ প্রক্রিয়া করা হয়েছে, তাদেরটা এখান থেকে (প্রক্রিয়া) হচ্ছে। যাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী অনুরোধ করেছেন, তারা পদত্যাগপত্র জমা দিয়েছেন।'

একাদশ সংসদ নির্বাচনের পর ২০১৯ সালের ১৫ জানুয়ারি প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ পান সজীব ওয়াজেদ। তাঁর এই নিয়োগ ছিল অবৈতনিক। এর আগের মেয়াদেও প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি উপদেষ্টা ছিলেন তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ