Views Bangladesh Logo

নিজেদের দাবি নয়, দেশের জন্য কী করা যায় ভাবুন: প্রবাসীদের প্রতি প্রধানমন্ত্রী

প্রবাসীদের নিজেদের দাবি-দাওয়া থেকে বেরিয়ে এসে দেশের জন্য কী করা যায়, তা নিয়ে ভাবার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার মালয়েশিয়ার কুয়ালা লামপুরের সাংগ্রি লা হোটেলে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, ‘আজ আমাদের কী দাবি আছে, সেই চিন্তা থেকে বেরিয়ে আসুন। আমরা ভাবি, দেশের প্রতি আমাদের কী কর্তব্য আছে। আমরা দেশের জন্য কী করতে পারি, সেটাই হোক আমাদের ভাবনা।’

দুই দিনের সফরে স্থানীয় সময় রাত পৌনে ৯টার দিকে কুয়ালা লামপুরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। কুয়ালা লামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনাল বুঙ্গা রায়া কমপ্লেক্সে তাকে ও তার সহধর্মিণী জুবাইদা রহমানকে স্বাগত জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলকিফলি হাসান ও তার সহধর্মিণী হানানি হারুন।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। এ সময় সুসজ্জিত বাহিনীর গার্ড অব অনার পরিদর্শন করেন তিনি। দুই দেশের জাতীয় সংগীতও বাজানো হয়।

পরে বিশেষ মোটর শোভাযাত্রায় তাকে সাংগ্রি লা হোটেলে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘প্রবাসী ভাই-বোনদের কাছে দেশবাসীর পক্ষ থেকে একটি অনুরোধ রাখব—আজ থেকে আমরা ভাবি, দেশের জন্য আমরা কী করতে পারি। এটাই হোক আমাদের অঙ্গীকার।’

বক্তব্যে তিনি গত দেড় দশকে ‘ফ্যাসিবাদী শাসনে’ দেশের ক্ষতির কথাও তুলে ধরেন। তিনি বলেন, ‘একটি গোষ্ঠী দেশ থেকে নিতে নিতে দেশটিকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। মানুষ বুকের রক্ত দিয়ে দেশকে স্বৈরাচারমুক্ত করেছে। এখন সময় এসেছে সবাই মিলে দেশ গঠনের কাজে এগিয়ে আসার।’

দেশ গঠনে নিজের বিভিন্ন পরিকল্পনার কথাও প্রবাসীদের সামনে তুলে ধরেন তারেক রহমান। বিএনপির নির্বাচনি অঙ্গীকারের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল পুনঃখননসহ বিভিন্ন কর্মসূচির কথা উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, ‘আমি আমার চিন্তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরেছি। যদি আপনারা মনে করেন, এই পথেই দেশ এগিয়ে যেতে পারে, তাহলে দোয়া করবেন—যাতে আমরা এসব পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি।’

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ