Views Bangladesh Logo

জানুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দেবেন প্রধানমন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগামী জানুয়ারিতে অনুষ্ঠেয় সমাবর্তনে যোগ দেওয়ার সম্মতি জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম তাঁকে সমাবর্তনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী আমন্ত্রণ গ্রহণ করে সমাবর্তনে অংশ নেওয়ার সম্মতি দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সাক্ষাৎকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক, সিন্ডিকেট সদস্য ও মার্কেটিং বিভাগের অধ্যাপক মো. মোর্শেদ হাসান খান উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, বৃহৎ উন্নয়ন প্রকল্পসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি এবং প্রস্তাবিত ২০ বছর মেয়াদি একাডেমিক ডেভেলপমেন্ট প্ল্যান সম্পর্কে তাঁকে অবহিত করেন।

এ ছাড়া শিক্ষা ও গবেষণা কার্যক্রম, শিল্পপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে সম্পর্ক জোরদারে নেওয়া পদক্ষেপ, বিশ্বের বিভিন্ন খ্যাতিমান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম, অ্যালামনাই নেটওয়ার্কিং এবং শিক্ষার্থীদের কল্যাণে সাম্প্রতিক বিভিন্ন উদ্যোগের বিষয়ও তুলে ধরেন উপাচার্য।

উপাচার্য মহান ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবময় অবদানের জন্য বিশ্ববিদ্যালয়কে বিশেষ মর্যাদা দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর সহযোগিতা চান।

পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের গবেষণা তহবিল বৃদ্ধি, শিল্পপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে সম্পর্ক উন্নয়ন, অ্যালামনাই নেটওয়ার্কিং জোরদার, কৃত্রিম বুদ্ধিমত্তা, তৃতীয় ভাষা, জীববিজ্ঞান, জীবপ্রযুক্তি ও রোবোটিকস বিষয়ে শিক্ষা ও গবেষণার উন্নয়ন এবং বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ তৈরির ক্ষেত্রেও প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেন তিনি।

উপাচার্য বলেন, শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা, নৈতিকতা, সহনশীলতা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে আবাসিক হল, বিভাগ ও ইনস্টিটিউটগুলোতে সহশিক্ষামূলক কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন।

জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহৎ উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশেষ মর্যাদা প্রদানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে সম্মানজনক পর্যায়ে উন্নীত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। অ্যালামনাইদের সহযোগিতা নিয়ে বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি মমত্ববোধ এবং শিক্ষা, গবেষণা ও উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে আন্তরিক সহযোগিতার আশ্বাস দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান উপাচার্য।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ