Views Bangladesh Logo

প্রধানমন্ত্রী তারেক রহমান শত্রু দ্বারা আবর্তিত: অলি

ঢাকার বাইরে রাত্রিযাপন না করতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে পরামর্শ দিয়েছেন এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ। একই সঙ্গে তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী ‘শত্রু দ্বারা আবর্তিত’ এবং সরকার ও ক্ষমতাসীন দলের গুরুত্বপূর্ণ স্থানে বিদেশি গুপ্তচর রয়েছে।

বুধবার (৮ জুলাই) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ১১ দলের আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে অলি আহমেদ বলেন, বাংলাদেশে যারা বিদেশি গুপ্তচর রয়েছে, তাদের চিহ্নিত করে বের করে দেওয়াই প্রধানমন্ত্রীর দায়িত্ব। তাদের কারণে প্রধানমন্ত্রী ও দেশ উভয়ই ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তিনি বলেন, বেগম খালেদা জিয়ার সন্তান হিসেবে রাষ্ট্র সংস্কারের বিষয়ে প্রধানমন্ত্রীর উদ্যোগ নেওয়া প্রয়োজন। চারদিকে শত্রু রেখে দেশ পরিচালনা করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

অলি আহমেদ বলেন, আমরা আপনার প্রকাশ্য শত্রু। কিন্তু যারা আপনার পাশে আছেন, তারাই আপনার প্রকৃত শত্রু।

তিনি দাবি করেন, বিদেশি গুপ্তচররা সরকার ও দলের গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান করছে এবং তারা যেকোনো সময় প্রধানমন্ত্রীর বড় ধরনের ক্ষতি করতে পারে। এ ধরনের ব্যক্তিদের দল থেকে বের করে দেওয়ারও পরামর্শ দেন তিনি।

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো নয়, বিভিন্ন স্থানে চাঁদাবাজি হচ্ছে, অর্থনৈতিক অবস্থাও সন্তোষজনক নয় এবং নতুন বিনিয়োগ আসছে না। এ অবস্থায় প্রধানমন্ত্রী ভালো অবস্থানে নেই।

অলি আহমেদ আরও বলেন, ১১ দল সরকারের শত্রু নয়, বরং বন্ধু হিসেবেই প্রকাশ্যে এসব পরামর্শ দিচ্ছে। প্রধানমন্ত্রী এমনভাবে দায়িত্ব পালন করবেন যাতে ইতিহাসে একজন নেতা হিসেবে স্মরণীয় হয়ে থাকেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ