Views Bangladesh Logo

প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজার সফর আজ, উন্নয়ন ও রোহিঙ্গা ইস্যুতে বাড়ছে প্রত্যাশা

দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো পর্যটননগরী কক্সবাজার সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৩ জুন) সকাল ১০টায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সপরিবারে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার।

প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে পুরো জেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। রাজনৈতিক মহল, প্রশাসন এবং সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ ও প্রত্যাশা। স্থানীয়দের বিশ্বাস, এই সফর কক্সবাজারের উন্নয়ন ও সম্ভাবনাকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জেলা বিএনপির সভাপতি ও কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর সফরে রোহিঙ্গা সংকট সমাধানে নতুন কূটনৈতিক উদ্যোগের বিষয়টি গুরুত্ব পাবে। আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ ও মিয়ানমারের সঙ্গে যোগাযোগ জোরদারের মাধ্যমে রোহিঙ্গাদের নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়ার প্রত্যাশা করছেন তিনি।

অন্যদিকে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফর রহমান কাজল প্রধানমন্ত্রীর কাছে জেলার কয়েকটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের দাবি উপস্থাপনের কথা জানিয়েছেন। এর মধ্যে রয়েছে কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করা, সদর হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করা, কক্সবাজার-মহেশখালী সেতু নির্মাণ এবং কক্সবাজার স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানে উন্নীত করা।

জেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. ইউসুফ বদরী বলেন, বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতকে আন্তর্জাতিক পর্যটনের জন্য আরও আকর্ষণীয় করে গড়ে তোলা, সোনাদিয়া দ্বীপকে বিদেশি পর্যটকদের জন্য বিশেষ পর্যটন অঞ্চল হিসেবে উন্নয়ন, বাঁকখালী নদী ড্রেজিং এবং মহেশখালী-মাতারবাড়িতে গভীর সমুদ্রবন্দর বাস্তবায়নের মতো প্রকল্পগুলো দ্রুত এগিয়ে নেওয়ার দাবি জানানো হবে।

এদিকে শুক্রবার চকরিয়া পৌরসভার বাস টার্মিনাল এলাকায় প্রধানমন্ত্রীর সমাবেশস্থল পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, কক্সবাজারকেন্দ্রিক জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে।

এসব দাবির মধ্যে রয়েছে লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ককে ছয় লেনে উন্নীত করা এবং ব্লু ইকোনমি ও মেরিন সায়েন্সভিত্তিক একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে এসব উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে আশাবাদী কক্সবাজারবাসী।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ