যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর নৈশভোজ
যুগপৎ আন্দোলনের শরিক রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সম্মানে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নৈশভোজ ও মতবিনিময় সভায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠনের পর শরিক দলগুলোর সঙ্গে এটি তার প্রথম আনুষ্ঠানিক বৈঠক।
সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় অনুষ্ঠিত এ আয়োজনে নির্ধারিত সময়ের কিছু আগে থেকেই আমন্ত্রিত অতিথিরা উপস্থিত হতে শুরু করেন। বিএনপির দলীয় সূত্র জানায়, প্রধানমন্ত্রী সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে যমুনায় পৌঁছে শরিক নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বৈঠকের খোঁজখবর নেন।
এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ এবং দলের স্থায়ী কমিটির সদস্যরা।
দলীয় সূত্রের দাবি, জাতীয় সংসদ নির্বাচনের পর বিভিন্ন ব্যস্ততার কারণে শরিক দলগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ সম্ভব হয়নি। এতে কয়েকটি মিত্র দলের মধ্যে দূরত্ব তৈরি হয়। সেই সম্পর্ক আরও সুদৃঢ় করতেই এই নৈশভোজ ও মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে অংশ নেওয়া নেতাদের মধ্যে ছিলেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ, জাতীয় পার্টি (জাফর) চেয়ারম্যান ব্যারিস্টার মোস্তফা জামাল হায়দার, ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবলু, গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান এবং জাগপার একাংশের সভাপতি খন্দকার লুৎফর রহমান।
তবে নৈশভোজে অংশ নেয়নি বিএনপির দুই গুরুত্বপূর্ণ মিত্র জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)।
মতামত দিন