প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ এল-খেরেইজি। মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে উভয় পক্ষ একমত হয়।
বৈঠকে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে বিনিয়োগের জন্য ইতিবাচক পরিবেশ সৃষ্টি হয়েছে এবং এ সুযোগে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে সৌদি আরব আগ্রহী। তিনি জানান, প্রক্রিয়াজাত খাদ্য, সি-ফুড, ট্রপিক্যাল ফুড, কৃষিভিত্তিক শিল্প, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন সম্ভাবনাময় খাতে সৌদি বিনিয়োগের আগ্রহ রয়েছে। পাশাপাশি সৌদি আরবের উন্নয়নে বাংলাদেশি কর্মীদের অবদানেরও প্রশংসা করেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ক পারস্পরিক আস্থা ও দীর্ঘদিনের বন্ধুত্বের ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। বর্তমান সরকার সৌদি আরবের সঙ্গে কৌশলগত, বহুমাত্রিক ও দীর্ঘমেয়াদি অংশীদারত্ব গড়ে তুলতে চায়। তিনি বাংলাদেশে আরও বেশি সৌদি বিনিয়োগের আহ্বান জানান এবং বিশেষ করে সৌরবিদ্যুৎ ও পরিচ্ছন্ন জ্বালানি খাতে বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করেন। তাঁর মতে, এ খাতে সৌদি কোম্পানিগুলোর বিনিয়োগ উভয় দেশের জন্যই লাভজনক হবে।
বৈঠকে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানিয়ে সুবিধাজনক সময়ে সৌদি আরব সফরের আশা প্রকাশ করেন। এছাড়া জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নির্বাচিত হওয়ায় সৌদি সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো হয়।
মতামত দিন